আল নাসরের টানা দ্বিতীয় ম্যাচে নেই রোনালদো, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে টানা দ্বিতীয় ম্যাচে খেলেননি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাবটিতে তার ভবিষ্যৎ নিয়েও নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শুরু হয়েছে নানারকমের গুঞ্জন।৪১ বছর বয়সী রোনালদো এর আগে সোমবার আল-রিয়াদের বিপক্ষে আল নাসরের ১-০ গোলের জয়ের ম্যাচেও দলে ছিলেন না।

শুক্রবার সৌদি প্রো লিগে আল নাসর ২-০ গোলে আল-ইত্তিহাদকে হারায়। ম্যাচের শেষ দিকে গোল করেন সাবেক লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানে ও অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। ম্যাচের সপ্তম মিনিটে গ্যালারিতে উপস্থিত আল নাসর সমর্থকরা রোনালদোর প্রতি সমর্থন জানিয়ে তার নাম ও সাত নম্বর লেখা হলুদ প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’র প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাব পরিচালনার ধরন নিয়ে অসন্তুষ্ট হয়ে আগের ম্যাচেরোনালদো খেলতে অস্বীকৃতি জানান। এর প্রেক্ষিতে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, ক্লাবের উন্নয়ন ও উচ্চাকাঙ্ক্ষায় রোনালদোর ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও কোনো ব্যক্তিই নিজের ক্লাবের বাইরে সিদ্ধান্ত নির্ধারণ করতে পারেন না।

২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর আল নাসরে যোগ দেন রোনালদো। তখন তিনি ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়ে পরিণত হন। তার বার্ষিক আয় প্রায় ১৭৭ মিলিয়ন পাউন্ড। আল নাসরের হয়ে এখন পর্যন্ত তিনি কেবল ২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিতেছেন। ২০২৫ সালের জুনে তিনি ক্লাবটির সঙ্গে নতুন দুই বছরের চুক্তি করেন।

রোনালদোর হতাশার অন্যতম কারণ হিসেবে সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমার সাম্প্রতিক আল-হিলালে যোগ দেওয়ার ঘটনাকে উল্লেখ করেছে বিবিসি স্পোর্ট। আল-হিলালের হয়ে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে দলকে ৬-০ গোলের বড় জয় এনে দেন বেনজেমা। লিগে বর্তমানে আল নাসর দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা আল-হিলালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান মাত্র ১। দুই দলই ২০টি করে ম্যাচ খেলেছে।