আজ থেকে মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এদিন গ্রুপ ‘সি’ এর ম্যাচে বিকেল সাড়ে তিনটায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। গত কয়েক বছরে ক্যারিবিয়ানদের পারফর্মেন্স তলানিতে ঠেকেছে। তবু প্রথম ম্যাচের আগে দলের প্রধান কোচ ড্যারেন স্যামি জানিয়েছেন, এবারও তারা শিরোপার স্বপ্ন দেখছে। তিনি স্বীকার করেছেন, অনেকেই তাদের সম্ভাবনা নিয়ে সন্দিহান।
২০১৬ সালে কলকাতার ইডেন গার্ডেনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জিতেছিলেন স্যামি। সেই ইডেন গার্ডেনেই আরেকটি বিশ্বকাপ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্যামি বলেন, ‘আমরা যদি বিশ্বাস না করতাম যে শিরোপা জিততে পারি, তাহলে এখানে আসতাম না। আমার কাছে মনে হচ্ছে, পরিস্থিতি ২০১৬ সালের মতোই, যখন কেউ আমাদের সুযোগ দেয়নি।’
দলের ক্রিকেটারদের ওপর স্যামির প্রবল আস্থা আছে। তবে নিজেদের সামর্থের পুরোটা মাঠে বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন তিনি, ‘ড্রেসিংরুমে যে প্রতিভা রয়েছে, যদি আমরা তিন বিভাগেই এর সঠিক বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা শিরোপা জিততে পারব। শাই হোপের বিকল্প হিসেবে একজন নির্ভরযোগ্য উইকেটকিপার দরকার ছিল। গত দুই বছরে অন্যরা সুযোগ পেয়েছে, কিন্তু কেউ সেটি কাজে লাগাতে পারেনি।’
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের উত্থান-পতন নিয়ে কথা বলতে গিয়ে স্যামি বলেন, ‘আমরা তিনটি দলের একটি যারা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। ২০০৯ থেকে ২০১৬ সালের মধ্যে আমরা ক্রিকেটকে নতুনভাবে গড়ে তুলেছিলাম। কিন্তু সময়ের সঙ্গে অনেককিছু বদলে যায়। আমি এমন একটি নতুন যুগের স্বপ্ন দেখি, যেখানে আমরা বলতে পারব— আমরা সফল হয়েছি। আমাদের সামনে সুযোগ আছে নতুন ইতিহাস গড়ার।’
স্কটল্যান্ড তুলনামুলক দুর্বল প্রতিপক্ষ হলেও বেশ সতর্ক ড্যারেন স্যামি। ২০২২ বিশ্বকাপে স্কটল্যান্ডের কাছে হার এবং গত বছর নেপালের বিপক্ষে পরাজয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘অতীত নিয়ে ভাবলে নিজেকেই ক্ষতি করা হবে। স্কটল্যান্ড সবসময়ই কঠিন প্রতিপক্ষ। টি-টোয়েন্টিতে ম্যাচ যত ছোট হয়, দলগুলোর ব্যবধান তত কমে। আমি বলব না আমরা ফেভারিট। আমাদের প্রতিটি ম্যাচেই ভালো ক্রিকেট খেলতে হবে। কাল থেকে নাচ শুরু হোক।’
১২৬ মিলিয়ন রুপিতে পিএসএলের সবচেয়ে দামী ক্রিকেটার সাইম আইয়ুব
উদ্বোধনী ম্যাচে ডাচদের সামনে বিধ্বংসী ফর্মে থাকা পাকিস্তান