পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬ আসরের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ চারজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। আগামী ২৬ মার্চ শুরু হতে যাওয়া টুর্নামেন্টকে সামনে রেখে দলে যুক্ত হওয়া খেলোয়াড়দের মধ্যে রয়েছেন সাইম আয়ুব, উসমান খান, মাজ সাদাকাত ও আকিফ জাভেদ। এদের মাঝে সাইম আইয়ুবের দাম আকাশছোঁয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, ‘আমাদের দলে বড় শক্তি আসছে। সাইম আয়ুব, উসমান খান, মাজ সাদাকাত ও আকিফ জাভেদকে টিম হায়দরাবাদে স্বাগত।’
সাবেক পেশোয়ার জালমি ক্রিকেটার সাইম আয়ুবকে প্লাটিনাম ক্যাটাগরিতে রাখা হয়েছে, যার মূল্য ধরা হয়েছে ১২৬ মিলিয়ন পাকিস্তানি রুপি। এর মাধ্যমে তিনি পিএসএল ইতিহাসে সবচেয়ে দামি পাকিস্তানি ক্রিকেটার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। ডায়মন্ড ক্যাটাগরিতে উসমান খানকে নেওয়া হয়েছে ৪৬.২ মিলিয়ন রুপিতে। গোল্ড ক্যাটাগরিতে আকিফ জাভেদকে ১৯.৬ মিলিয়ন ও ইমার্জিং ক্যাটাগরিতে মাজ সাদাকাতকে ৩৫ মিলিয়ন রুপিতে দলে নেওয়া হয়েছে।
এর আগে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি তাদের ব্যাটিং শক্তি বাড়াতে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান মার্নাস লাবুশেনকে দলে নেওয়ার ঘোষণা দেয়। পিএসএলে এটিই হবে লাবুশেনের প্রথম অংশগ্রহণ। হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির আনুষ্ঠানিক নাম এখনও ঘোষণা করা হয়নি। আগামীকাল নিয়াজ স্টেডিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।
অনুষ্ঠানে লাইভ কনসার্ট ও আতশবাজির আয়োজন থাকবে। জনপ্রিয় সংগীতশিল্পী সাইফ সামেজো অনুষ্ঠানে পারফর্ম করবেন। এছাড়া নতুন ফ্র্যাঞ্চাইজি পরিচিতির অংশ হিসেবে করাচি থেকে হায়দরাবাদ পর্যন্ত একটি র্যালির আয়োজন করা হবে, যাতে ক্রিকেটপ্রেমীদের সম্পৃক্ত করা যায়। এবারের পিএসএলে হায়দরাবাদের পাশাপাশি শিয়ালকোট স্ট্যালিয়নজ নামের আরেকটি নতুন দল যুক্ত হয়েছে।