রাশিয়ার বিরুদ্ধে ইইউর ২০তম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা

ইউরোপীয় কমিশন শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাশিয়ার বিরুদ্ধে ২০তম নিষেধাজ্ঞার প্যাকেজ ঘোষণা করেছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন এক লিখিত বিবৃতিতে জানান, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের পর এটি ইইউ-এর আরোপ করা ২০তম প্যাকেজ। মূলত জ্বালানি, আর্থিক সেবা ও বাণিজ্য খাতকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

নতুন নিষেধাজ্ঞায় রাশিয়ার কাঁচা তেলের সামুদ্রিক পরিষেবায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা রাশিয়ার তেল পরিবহন ও ক্রেতা খুঁজে পাওয়ার প্রক্রিয়াকে জটিল করবে। এছাড়া রাশিয়ার 'শ্যাডো ফ্লিট'-এর তালিকায় আরও ৪৩টি জাহাজ যুক্ত করা হয়েছে, যার মোট সংখ্যা এখন ৬৪০। এলএনজি ট্যাঙ্কার এবং বরফ ভাঙার জাহাজের রক্ষণাবেক্ষণ ও অন্যান্য পরিষেবায়ও ব্যাপক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। ১৯তম নিষেধাজ্ঞা প্যাকেজ এবং রিপাওয়ারইইউ নিয়মের ভিত্তিতেও এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি রাশিয়ার রাবার, ট্রাক্টর ও সাইবার নিরাপত্তা সেবার মতো পণ্য ও পরিষেবার রফতানিতেও নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।  

রাশিয়ার ব্যাংকিং খাতে আরও কড়া নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, যা বিকল্প অর্থপ্রদানের চ্যানেল বন্ধ করে দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ডকে সীমিত করবে। ভন ডার লায়েন জানান, সামুদ্রিক নিষেধাজ্ঞা জি-৭ অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কার্যকর করা হবে। তিনি আরও বলেন, 'প্রথমবারের মতো ইইউ অ্যান্টি-সার্কামভেনশন টুল সক্রিয় করতে যাচ্ছে, যার আওতায় এমন দেশগুলোতে সিএনসি মেশিন ও রেডিও রফতানি নিষিদ্ধ করা হবে যেখানে সেগুলো রাশিয়ায় পুনরায় রফতানির ঝুঁকি রয়েছে।'

ইইউ’র প্রেসিডেন্ট সদস্য রাষ্ট্রগুলোকে দ্রুত নিষেধাজ্ঞা অনুমোদনের আহ্বান জানান, উল্লেখ করে বলেন, 'এই যুদ্ধের চতুর্থ বর্ষপূর্তির আগে এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা পাঠাবে।'