কুষ্টিয়া জেলা কারাগারে মাদক মামলার এজাহারনামীয় হাজতি বিদ্যুৎ আলীর রহস্যজনক মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি, বিদ্যুৎ হতাশাজনিত কারণে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
জেল সুপার শরিফুল আলম বলেন, বিদ্যুৎ ভেড়ামারা থানার একটি মাদক মামলা হাজতি বন্দি হিসেবে গত ডিসেম্বরের ১৪ তারিখ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। শনিবার ভোরে কারাগারের বাথরুমের জানালার গ্রিলে নিজের ব্যবহৃত গামছা গলায় পেঁচিয়ে গলায় ফাঁস লাগান বিদ্যুৎ। এ সময় ডিউটিরত কারারক্ষিরা টের পেয়ে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, প্রাথমিকভাবে উল্লেখ করা হয়েছে এটা আত্মহত্যাজনিত মৃত্যু। তবে কী কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে।