নাতি হিসেবে দিনাজপুরবাসীর কাছে ভোট চাইলেন তারেক রহমান

'আমি দিনাজপুরের নাতি। বহু বছর পর নানি বাড়ি আসছি। এখন নানি বাড়িতে আসছি, কিছু তো খাওয়ালেন না আপনারা। তাহলে একটা জিনিস দিতে হবে আপনাদের। আমাকে ধানের শীষে ভোট দিতে হবে।'

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত বিশাল জনসভায় নানির জেলা দিনাজপুরবাসীর কাছে এমন আবদার জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, দিনাজপুরকে সারাদেশ ও বিশ্ব চিনে কৃষিপ্রধান এলাকা হিসেবে। এই এলাকার বিখ্যাত লিচুকে সবাই চিনে। আমরা এই কৃষিপ্রধান অঞ্চলকে কৃষির সঙ্গে সম্পর্কিত শিল্প গড়ে তুলতে চাই। এই এলাকার বিখ্যাত লিচু প্রক্রিয়াজাতের মাধ্যমে বিদেশে রপ্তানি করতে চাই। লিচু সংরণের জন্য হিমাগার তৈরি করা হবে। যাতে পরে লিচু বিদেশে রপ্তানি করতে পারি। দিনাজপুরে উৎপাদিত আম প্রক্রিয়াজাত করণের জন্য সংশ্লিষ্ট সকল কম্পানিকে দিনাজপুরে আনা হবে।

তিনি আরও বলেন, যেই বাংলাদেশের আমার ভাইয়ের রাস্তায় নিরাপদে থাকতে পারবে। নিরাপদে চাকরি করতে পারবে। নিরাপদে বসবাস করতে পারবে। নিরাপদে নিশ্চিতে রাতে ঘরে ঘুমাতে পারবে। যেই বাংলাদেশের মুসলমান, হিন্দু, আদিবাসী, বৌদ্ধ, খ্রিস্টান হই। আমাদের সকলকে বিচার করা হবে আমাদের যোগ্যতা এবং মেধার ভিত্তিতে। আমাদের পরিচয়, আমাদের ধর্ম নয়। আমাদের পরিচয় আমাদের জাতে। আমাদের পরিচয় হবে মেধা দিয়ে। আমাদের পরিচয় হবে আমাদের যোগ্যতা দিয়ে। আমরা এই রকম একটি বাংলাদেশ গড়ে চাই।

তিনি বলেন, আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি যেই বাংলাদেশের জন্য ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করেছেন। জুলাই যোদ্ধারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। আসুন আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি। আমরা অনেক আন্দোলন করেছি, গণতন্ত্র উদ্ধার করতে। এখন গণতন্ত্র উদ্ধারের পথ ধীরে ধীরে আমাদের সামনে উপস্থিত হয়েছে। এখন গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমাদের পরবর্তী কাজ হবে এই দেশকে পুনর্গঠন করা। আজ এই নির্বাচনী জনসভায় আমি আমার রাজনৈতিক প্রতীক সম্পর্কে অনেক কথা বলতে পারতাম। তাতে কি জনগণের উপকার হবে? জনগণের কোনও উপকার হবে না। জনগণের তখনই উপকার হবে যখন একটি রাজনৈতিক দল হিসেবে আমরা জনগণের জন্য এবং দেশের জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারি।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় অনুষ্ঠানে দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ ৬টি আসনের সংসদ সদস্য প্রার্থীসহ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।