এবারের নির্বাচনে 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং' হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। আজ শনিবার বিকেলে রংপুর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, দেশে ভোটের সাংস্কৃতিক পরিবেশে পরিবর্তন এসেছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনও শঙ্কা নেই। নির্বাচন কমিশন কোনও পক্ষের চাপে নেই, তা আমরা নিশ্চিত করে বলতে পারি। দেশের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিও এখন যথেষ্ট ভালো আছে। নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে। এবার কোনও ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না।
তিনি বলেন, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। জাতিকে ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনের কাজে নিয়োজিত ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বাহিনী, বিজিবি, সেনাবাহিনী, আনসার সবই প্রতিজ্ঞাবদ্ধ। সে ধরনের মানসিকতা তাদের মাঝে রয়েছে। এবার আইন-শৃঙ্খলা পরিস্থিতিও তুলনামূলক ভালো রয়েছে।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ ও ভোটের সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। বড় দুই দলের নেতা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনের কথা রেখেছে। নির্বাচন কমিশনের কথামতো দলের নেতারা তাদের পোস্টার অপসারণ, সফর বাতিল করেছে।
সভায় জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য, রংপুর জেলার ৬টি সংসদীয় আসনের দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ অংশ নেন।
এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।