গেইলের রেকর্ড ভাঙলেন হেটমায়ার, শেফার্ড করলেন হ্যাটট্রিক

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম

হার দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হলো বাংলাদেশের জায়গায় সুযোগ পাওয়া স্কটল্যান্ডের। কলকাতার ইডেন গার্ডেনে ‘সি’ গ্রুপের ম্যাচে স্কটিশদের ৩৫ রানে হারিয়েছে দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের জয়ে হ্যাটট্রিক করেছেন রোমারিও শেফার্ড, নিয়েছেন ৫ উইকেট। এর আগে ব্যাট হাতে টি-টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন শিমরন হেটমায়ার।  

ওয়েস্ট ইন্ডিজ  করেছিল ৫ উইকেটে ১৮২ রান। স্কটিশরা অলআউট ১৮.৫ ওভারে ১৪৭ রানে।

দশম ওভারে ক্রিজে নেমেই রানের চাকা ঘুরিয়ে দেন হেটমায়ার। বিধ্বংসী ব্যাটিংয়ে বাঁহাতি এই ব্যাটসম্যান টি–টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম ফিফটির নতুন রেকর্ড গড়েন। স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ২২ বলে পঞ্চাশ পূর্ণ করেন তিনি।

এর আগে ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ বলে ফিফটি করেছিলেন ক্রিস গেইল। ১৭ বছর পুরোনো সেই রেকর্ড ভেঙে গেইলকে ছাড়িয়ে গেলেন হেটমায়ার। টি–টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ক্যারিবিয়ানদের হয়ে ২৫ বা তার কম বলে ফিফটি করার কীর্তি আর কোনো ব্যাটসম্যানের নেই। এই টুর্নামেন্টে দ্রুততম ফিফটির সামগ্রিক রেকর্ড অবশ্য এখনো সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংয়ের—মাত্র ১২ বলে।

শনিবার ‘সি’ গ্রুপের এই ম্যাচে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ অংশ না নেওয়ায় সুযোগ পাওয়া স্কটল্যান্ড শুরুটা করেছিল দারুণভাবে। প্রথম ১০ ওভারে মাত্র ৬৬ রান দেয় তারা, উইকেট তোলে ২টি।

কিন্তু মাঝের ওভারগুলোতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হেটমায়ার। মাইকেল লিস্ককে ছক্কা হাঁকানোর পর মার্ক ওয়াটের এক ওভারে মারেন দুটি ছক্কা। এরপর সাফিয়ান শরিফের বলে একটি ছক্কা ও একটি চার, আর অলিভার ডেভিডসনকে উড়িয়ে মারেন বিশাল ছক্কায়। ওই ছক্কাতেই ফিফটি পূর্ণ হয় তাঁর।

শেষ পর্যন্ত ১৯তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ৩৬ বলে ৬টি ছক্কা ও ২টি চারে ৬৪ রান করেন হেটমায়ার। তাঁর ইনিংসে ভর করেই পাঁচ উইকেটে ১৮২ রানের বড় সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে শেষ ১০ ওভারেই আসে ১১৬ রান।

shimron-hetmyer-plays-a-shot-as-scotlands

ব্যাটিং ঝড়ের পর ম্যাচের শেষদিকে বল হাতে আলো ছড়ান রোমারিও শেফার্ড। স্কটল্যান্ড ইনিংসে টানা তিন বলে তিন উইকেট নিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।টি-টোয়েন্টিতে এটি ৮৫তম এবং বিশ্বকাপে দশম হ্যাটট্রিক। 

টি–টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিকের তালিকা 

১) ব্রেট লি | অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ | কেপ টাউন | ২০০৭ | শাকিব আল হাসান, মাশরাফি বিন মোর্ত্তজা, অলোক কাপালি
২) কার্টিস ক্যাম্ফার* | আয়ারল্যান্ড বনাম নেদারল্যান্ডস | আবুধাবি | ২০২১ | কলিন অ্যাকারম্যান, রায়ান টেন ডেসখাটে, স্কট এডওয়ার্ডস, রোলফ ভ্যান ডার মারভে
৩) ওয়ানিন্দু হাসারাঙ্গা | শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা | শারজাহ | ২০২১ | এইডেন মার্করাম, টেম্বা বাভুমা, ডুয়াইন প্রিটোরিয়াস
৪) কাগিসো রাবাদা | দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড | শারজাহ | ২০২১ | ক্রিস ওকস, ইয়ন মর্গান, ক্রিস জর্ডান
৫) কার্তিক মায়াপ্পান | আরব আমিরাত বনাম শ্রীলঙ্কা | জেলং | ২০২২ | ভানুকা রাজাপাকশা, চরিথ আসালাঙ্কা, দাসুন শানাকা
৬) জশ লিটল | আয়ারল্যান্ড বনাম নিউজিল্যান্ড | অ্যাডিলেড | ২০২২ | কেন উইলিয়ামসন, জেমস নিশাম, মিচেল স্যান্টনার
৭) প্যাট কামিন্স | অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ | নর্থ সাউন্ড | ২০২৪ | মাহমুদউল্লাহ, মাহেদী হাসান, তাওহীদ হৃদয়
৮) প্যাট কামিন্স | অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান | কিংসটাউন | ২০২৪ | রশিদ খান, করিম জানাত, গুলবাদিন নাইব
৯) ক্রিস জর্ডান | ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র | ব্রিজটাউন | ২০২৪ | আলি খান, নসথুশ কেনজিগে, সৌরভ নেত্রাভালকার
১০) রোমারিও শেফার্ড | উইন্ডিজ বনাম স্কটল্যান্ড | কলকাতা | ২০২৬ | ম্যাথু ক্রস, মাইকেল লেস্ক, অলিভার ডেভিডসন 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত