‘দুই ভুবনের দুই বাসিন্দা’খ্যাত গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)। ৭ ফেব্রুয়ারি, শনিবার কানাডাতে বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন খ্যাতিমান গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার। মো. শাহনেওয়াজ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
মো. শাহনেওয়াজ সত্তর দশকের শুরুতে বিটিভিতে স্টাফ আর্টিস্ট হিসেবে যোগ দেন। ১৯৭৭ সাল থেকে তিনি বাংলাদেশ টেলিভিশনে সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। বিভিন্ন মাধ্যমে তার সুরারোপিত গানের সংখ্যা দুই হাজারেরও বেশি। তার সুর করা গান ‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তাল’ ও ‘জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি সব কিছু ভুলে যেন করি লেনদেন’ গান দুটি তাকে সুরকার হিসেবে ব্যাপক পরিচিতি এনে দেয়।
মো. শাহনেওয়াজের সুর করা আরও জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, ‘এক নয়নে হয় না কান্দন দুই নয়নে কাঁদে’, ‘দমে দমে মাটির পুতুল কি করে যে চাই’, ‘তুমি কি সেই তুমি’, ‘একটি বজ্রকণ্ঠ থেকে বাঙালির উথ্থান’, ‘সোনামুখি সুই দিয়ে সেলাই করা কাজ’, ‘সুখের সংজ্ঞা কী যদি আমি জানতাম’, ‘সবাই তো শাজাহান হতে চায়’, ‘আমার জসীমউদ্দিন কই নকশী কাঁথার মাঠে’, ‘আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে’, ‘চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশির ঈদ’, ‘চোখ দেখি, মুখ দেখি,অন্তর দেখি না’, ‘আজ থেকে আমি বউ তুমি যে স্বামী’ ও ‘ভালোবাসি আমার মাকে ভালবাসি মায়ের ভাষাকে’।
মো. শাহনেওয়াজের সুর করা গানে শাহনাজ রহমাতুল্লাহ, ফেরদৌসী রহমান, রুনা লায়লা, দিলরুবা খান, মো. আব্দুল জব্বার, সুবীর নন্দী, সাবিনা ইয়াসমীন, সৈয়দ আবদুল হাদী, ফাহমিদা নবীসহ দেশের খ্যাতিমান প্রায় সব শিল্পীরাই কণ্ঠ দিয়েছেন। ১৯৯৯ সালে ইউনিসেফ মাতৃভাষা দিবসের উদ্বোধনী সংগীত পরিচালনা করেন মো. শাহনেওয়াজ। টেলিভিশনের কর্মজীবনে বিশেষ বিশেষ দিবসে সংগীত পরিচালনা করেন তিনি। বিটিভিতে প্রচারিত নাটক ‘তৃষ্ণা’র সংগীত পরিচালনার জন্য তিনি জার্মানি থেকে বেস্ট টিভি অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করেন।
এছাড়াও তিনি ১৯৮৮ সালে নাট্যসভা পুরস্কার, ২০০৯ সালে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত পুরস্কার, ২০১৩ সালে শহীদ আলতাফ মাহমুদ স্মৃতিপদকসহ আরও অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তার সুরারোপিত গান নিয়ে এইচএমভি থেকে ১৯টি ডিস্ক ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ২৫০টিরও অধিক ক্যাসেট ও সিডি বের হয়েছে। তিনি ১৫টি চলচ্চিত্রেও সংগীত পরিচালনা করেছেন।