হেলাল ওয়াদুদের কথায় গানে কণ্ঠ দিলেন খায়রুল ওয়াসি

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পিএম

দেশের জনপ্রিয় অডিও-ভিজ্যুয়াল প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছে তরুণ কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসির নতুন গান ‘এক জীবনে এত ব্যথা’। গানটির কথা লিখেছেন লেখক ও গীতিকার হেলাল ওয়াদুদ। সুর করেছেন খায়রুল ওয়াসি এবং সংগীতায়োজন করেছেন জেকেএইচ জিসান। রবিবার (১১ অক্টোবর) লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘এক জীবনে এত ব্যথা’ গানটি। শফিকুর রহমান শান্তনুর রচনা ও এল আর সোহেলের নির্দেশনায় নির্মিত ‘অজানা মায়া’ নাটকের জন্য তৈরি হয়েছে গানটি। প্রেম, জীবন, স্বপ্ন ও বেদনার অনুভূতি মিশিয়ে লেখা গানটির কথায় উঠে এসেছে জীবনের নানা আবেগ ও ভালোবাসার হাহাকার। 

গানটি প্রসঙ্গে হেলাল ওয়াদুদ বলেন, ‘এই সময়ের অত্যন্ত প্রতিভাবান কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসি। তিনি গানের কথা অনুযায়ী প্রেম, স্বপ্ন, জীবন ও বেদনার হাহাকার মিশিয়ে চমৎকার একটি সুর করেছেন। গানটি গেয়েছেনও দারুণ। আমি নিজেও তার গায়কি পছন্দ করি। যদিও ওয়াসির সঙ্গে এটি আমার প্রথম কাজ। পাশাপাশি জিসানের সংগীতায়োজনও প্রশংসার দাবিদার। আমার বিশ্বাস, গানটি সবার ভালো লাগবে।’ ‘অজানা মায়া’ নাটকে অভিনয় করেছেন সাদ নাওভী, প্রিয়ন্তী উর্বি, নরেশ ভুইয়া, শিল্পী সরকার অপুসহ আরও অনেকে। এ নাটকেও প্রেম-বিরহের নানা চিত্র উঠে এসেছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত