আখাউড়ায় অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার বিকালে উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজারে অভিযান চালিয়ে তাজ ট্রেডিং কর্পোরেশনকে ১ লাখ ও আমিন ইলেকট্রনিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ। এ সময় আদালতকে সহযোগিতা করে আখাউড়া থানা পুলিশ।

আদালত সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগ পেয়ে শনিবার বিকালে তন্তর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অর্থদণ্ড দেওয়া হয়।