সূর্যোদয়ে শুরু ভারতের বিশ্বকাপ

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ, শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জে ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ছিল অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম। এশিয়া কাপ, অস্ট্রেলিয়া সফর, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ...সূর্য যেন অস্তাচলে। অন্যদিকে তারুণ্যের দ্যুতিতে ঝলমল করছেন অভিষেক শর্মা, ঈশান কিষানরা। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে দল যখন অন্ধকারে, তখনই জ্বললেন সূর্যকুমার। তার ৪৯ বলে ৮৪* রানের ইনিংসটা শুধু ভারতকে জেতায়নি, শুরুর দিনেই অঘটনের হাত থেকেও বাঁচিয়েছে বিশ্বকাপকে।

মুম্বাইর ওয়াংখেড়েতে টস জিতে বোলিং নেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। খেলা শুরুর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত ‘স্টার স্প্যাঙ্গলড ব্যানার’-এর সঙ্গে যারা গলা মিলিয়েছেন, তাদের অনেকেরই জীবনের বড় অংশই কেটেছে ‘জন গণ মন’ গেয়ে। মোনাঙ্ক প্যাটেল, মিলিন্দ কুমার, সঞ্জয় কৃষ্ণমূর্তি, শুভম রঞ্জন, হারমিত সিং, সৌরভ নেত্রভালকর এরা প্রত্যেকেই তো জন্মেছেন ভারতে!

বিশ্বকাপ অভিষেকটা অভিষেক শর্মার হয়েছে ভুলে যাওয়ার মতো। আলি খানের বলে উড়িয়ে মারতে গিয়ে প্রথম বলেই ক্যাচ কৃষ্ণমূর্তির হাতে। গোল্ডেন ডাক দিয়ে বিশ্বকাপ অভিষেক হলো অভিষেক শর্মার। ঈশান কিষান ২০, শিভাম দুবে ০, রিঙ্কু সিং ৬, হার্দিক পান্ডিয়া ৫। ৭৭ রানে ৬ উইকেট নেই ভারতের। ম্যাচের ১০ম ওভারে শুভম রঞ্জন যদি সূর্যকুমারের রিটার্ন ক্যাচটা ধরতে পারতেন, তাহলে তাকে আউট করা যেত ১৫ রানে। সেই সূর্যকুমার শেষ পর্যন্ত আউট হননি, ৪৯ বলে করেছেন ৮৪ রান। ১০ খানা ৪ মেরেছেন আর ৬ মেরেছেন চারখানা। সঙ্গে অক্ষর প্যাটেলের ১৪, আর্শদীপের ৪, তিলক বর্মার ২৫ রানে ২০ ওভারে ভারত করে ৯ উইকেটে ১৬১ রান। বিশ্বকাপ শুরুর আগে, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত টি-টোয়েন্টিতে যে হারে রান করেছে, তাতে এই ১৬১ রানের ইনিংসটা হচ্ছে তালকে তিল বানানোর মতোই অসাধ্য, যেটা করেছেন যুক্তরাষ্ট্রের বোলাররা। শ্যাডলি ভ্যান শ্যালকিউইক নিয়েছেন ২৫ রানে ৪ উইকেট। হতাশ করেছেন নেত্রভালকর। বছর দুই আগে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়া কর্নেল বিশ্ববিদ্যালয়ের এই গ্র্যাজুয়েট ৪ ওভারে ৬৫ রান দিয়ে উইকেটই পেলেন না। শেষ ওভারে নেন ২১ রান, তার আগে ১৬তম ওভারেও ২১।

১৬২ রান তাড়া করে যুক্তরাষ্ট্র জিতে যাবে, সেটা একটু বাড়াবাড়ি তবে রানটা আয়ত্তের মধ্যেই ছিল। হর্ষিত রানা শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়াতে এসেছেন মোহাম্মদ সিরাজ, ভারতের হয়ে এই বিশ্বকাপে প্রথম উইকেটটা তারই। দুই ওপেনারকে আউট করেছেন সিরাজ, নতুন বলে আরেকটু সমর্থন জুগিয়েছেন আর্শদীপ সিং, মাঝের ওভারগুলোতে স্পিনের ফাঁস লাগিয়েছেন বরুণ চক্রবর্তী আর শেষে রান-রেটের চাপে উইকেট তুলেছেন অক্ষর প্যাটেল। চেনা ফর্মুলায় ভারত ম্যাচটা জিতেছে ২৯ রানে যুক্তরাষ্ট্রকে ৮ উইকেটে ১৩২ রানে থামিয়ে। ২২ বলে ২৬ রান করেছেন শুভম রঞ্জন।

ম্যাচসেরা হয়ে ভারত অধিনায়ক বলেছেন, ‘শুধু আমিই বলতে পারব কতটা চাপে ছিলাম, তবে বিশ্বাসটা ছিল। জানতাম যদি শেষ পর্যন্ত ব্যাট করে যেতে পারি আমি ব্যবধানটা গড়ে দিতে পারব। উইকেট একটু অন্যরকম ছিল, তবে সবকিছু আমরা এই বলে আড়াল করতে পারব না। আমাদের আরও ভালো ব্যাট করতে হবে। বুমরাহর জ্বর ছিল, অভিষেকের একটু শরীরটা খারাপ, ওয়াশিংটন সুন্দর দিল্লিতে যোগ দেবে আমাদের সঙ্গে। আমি জানতাম এই দিনটা আসবে, তৈরি ছিলাম। এই মাঠে আমি অনেক খেলেছি, জানি এখানে কীভাবে ব্যাট করতে হয়।’