সুদানে আরএসএফের ড্রোন হামলায় শিশুসহ নিহত ২৪

সুদানের উত্তর কর্দোফান প্রদেশে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ভয়াবহ ড্রোন হামলায় ৮ শিশুসহ ২৪ জন বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সুদান ডক্টরস নেটওয়ার্ক (একটি স্বেচ্ছাসেবী চিকিৎসক গ্রুপ) এক বিবৃতিতে জানায়, হামলাটি উত্তর কর্দোফানের রাহাদ (এর রাহাদ) শহরের কাছে ঘটেছে। গাড়িটি ডুবেইকার এলাকার চলমান যুদ্ধ থেকে পালিয়ে আসা বাস্তুচ্যুত পরিবার বহন করছিল। নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্করা রয়েছেন। আহতদের রাহাদ শহরে চিকিৎসা দেওয়া হচ্ছে। যেখানে চরম ওষুধের অভাব রয়েছে।

ডক্টরস নেটওয়ার্ক এই হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। স্থানীয় কর্তৃপক্ষ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও আরএসএফ-কে দায়ী করেছে।

এই ঘটনা ঘটেছে মাত্র একদিন পরে, যখন শুক্রবার আরএসএফ-এর আরেকটি ড্রোন হামলায় জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) একটি ত্রাণ কনভয় আক্রান্ত হয়ে একজন নিহত ও সরবরাহ ধ্বংস হয়।

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র এ ধরনের হামলার নিন্দা জানিয়েছে এবং ত্রাণ কার্যক্রম ব্যাহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সুদানে এখনো কোনো স্থায়ী শান্তি চুক্তি হয়নি, এবং মানবিক সংকট ক্রমশ ভয়াবহ হচ্ছে।