পিরোজপুর–৩ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস

পিরোজপুর-৩ মঠবাড়িয়া উপজেলা নিয়ে গঠিত একক আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনার আভাস পাওয়া গেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে কেন্দ্র করে এলাকাজুড়ে চলছে ব্যাপক আলোচনা ও জল্পনা-কল্পনা। এই আসনটি ২ লাখ ৪১ হাজার ৩৬১ জন ভোটার নিয়ে গঠিত। আসনটিতে রয়েছে পুরুষ ভোটার: ১,২২,০৪৫ জন, নারী ভোটার: ১,১৯,৩১৫ জন, তৃতীয় লিঙ্গের ভোটার: ১ জন, ইউনিয়ন: ১১টি, পৌরসভা: ১টি, মোট ভোটকেন্দ্র: ৮৫টি।
 
এই আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৫ জন দলীয় এবং ১ জন স্বতন্ত্র প্রার্থী। মাঠপর্যায়ের গণসংযোগ ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে মূলত ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনাই বেশি।
 
প্রধান আলোচনায় থাকা তিন প্রার্থী হলেন—

রুহুল আমিন দুলাল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের প্রার্থী ও মঠবাড়িয়া উপজেলা বিএনপির সভাপতি। তার পক্ষে রয়েছে সুসংগঠিত দলীয় কাঠামো ও শক্ত সমর্থন।
 
ডা. রুস্তম আলী ফরাজি: ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এর আগে তিনি এই আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। স্থানীয়ভাবে সুপরিচিত এই প্রার্থীর এলাকায় নিজস্ব ভোট ব্যাংক রয়েছে বলে দাবি ভোটারদের। 

ড. শামীম হামিদী: জামায়াত জোটের এনসিপি থেকে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনি। অপেক্ষাকৃত তরুণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার সুবাদে শান্তি প্রিয় সাধারণ জনগণ, তরুণ তরুণী ও যুব সমাজের কাছে তার একটা বিশেষ গ্রহণ যোগ্যতা রয়েছে। একাধিক ভোটারের মতে, এবারের নির্বাচনে তিনি বড় চমক দেখাতে পারেন।
 
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, যে প্রার্থী মঠবাড়িয়া উপজেলার মাদক নির্মূল, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন করবেন জনগণ তাদের পক্ষে থাকবেন।

আবার কেউ কেউ মনে করছেন, দলীয় কাঠামোর কারণে রুহুল আমিন দুলালের অবস্থান তুলনামূলকভাবে শক্ত।
 
অনেক সাধারণ ভোটার মনে করেন ডা. রস্তম আলী ফরাজি দীর্ঘদিন এই এলাকায় সংসদ সদস্য থাকায় এলাকায় ব্যাপক উন্নয়ন করেছে। এলাকার সাধারণ মানুষের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণ যোগ্যতা রয়েছে। যদিও ডা. ফরাজির বিরুদ্ধে ১১ বার দল পরিবর্তন ও ১৮ সালের বিতর্কিত নির্বাচনে এমপি হওয়ার অভিযোগ রয়েছে।   
 
একজন ভোটার বলেন, আওয়ামী লীগের ভোট কোন প্রার্থীর ব্যালটে পড়ে, সেটিই নির্ধারণ করবে কে হচ্ছেন আগামী সংসদ সদস্য।”
 
সব মিলিয়ে, পিরোজপুর–৩ আসনে এবারের নির্বাচন হতে যাচ্ছে ব্যতিক্রমী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটারদের আচরণ, সংখ্যালঘু ভোটের সমীকরণ এবং বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপি প্রার্থীদের শক্ত অবস্থান—সবকিছু মিলিয়ে এই আসনের ফলাফলে  প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।