২০২৪ বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের ১৫৯ রান তাড়া করতে নেমে ৭৫ রানে গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। সেই হারের ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি। সুপার এইটে আর উঠতে পারেনি। উঠেছিল আফগানিস্তান এবং শেষপর্যন্ত সেমিফাইনালে খেলেছিল তারা।
এবারও বিশ্বকাপের প্রথম ম্যাচটা পড়েছিল নিউজিল্যান্ডের আফগানিস্তানের সঙ্গে। ১৮৩ রানের লক্ষ্য পেয়েছিল তারা, যা ৫ উইকেটে টপকে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে কিউইরা।
চেন্নাইয়ে দিনের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান তোলে ৬ উইকেটে ১৮২ রান। দলের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন গুলবাদিন নাইব। ৩৫ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। চেপক স্টেডিয়ামের চ্যালেঞ্জিং উইকেটে এই রানকে লড়াই করার মতোই মনে হচ্ছিল। নিউজিল্যান্ডের পক্ষে লকি ফার্গুসন নেন ২ উইকেট, খরচ করেন ৪০ রান।
জবাবে শুরুটা অবশ্য ভালো হয়নি নিউজিল্যান্ডের। দ্বিতীয় ওভারে মুজিব উর রহমান টানা দুই বলে ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে দিলে ম্যাচে আবার আফগানিস্তানের আশা জাগে। মুজিব শেষ পর্যন্ত ৪ ওভারে ৩১ রানে নেন ২ উইকেট।
তবে এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেন টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপস। পাওয়ারপ্লেতে আগ্রাসী ব্যাটিং করে চাপ ভেঙে দেন সেইফার্ট। তিনি করেন ৬৫ রান। ফিলিপসের ৪২ রানের কার্যকর ইনিংসও বড় ভূমিকা রাখে। দুজনের জুটিতে আফগানিস্তানের স্পিন আক্রমণ অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়ে।
বিশেষ করে রশিদ খানের প্রথম ওভারে ১৪ রান তুলে ম্যাচের গতি পুরোপুরি নিজেদের দিকে নিয়ে যায় নিউজিল্যান্ড। শেষদিকে ড্যারিল মিচেল অপরাজিত ২৫ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
নির্ধারিত ২০ ওভারের আগেই, ১৭.৫ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান তুলে নেয় নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ২০ ওভারে ১৮২/৬ (গুলবদিন ৬৩, আতাল ২৯, গুরবাজ ২৭, রাসুলি ২০; ফার্গুসন ২/৪০, রবীন্দ্র ১/১৪)।
নিউজিল্যান্ড: ১৭.৫ ওভারে ১৮৩/৫ (সেইফার্ট ৬৫, ফিলিপস ৪২; মুজিব ২/৩১, রশিদ ১/৩৬)।
ফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা: টিম সেইফার্ট।