আইসিসির জরুরি বৈঠকের আগে পাকিস্তানে বিসিবি সভাপতি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৪ পিএম

ভারতের বিপক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কট ইস্যুতে ডাকা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি ভার্চ্যুয়াল বৈঠকের আগে পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

‎সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, রোববারই তিনি আইসিসির ওই অনলাইন বৈঠকে অংশ নেবেন। একই বৈঠকে অন্য বোর্ড কর্মকর্তারাও যুক্ত হতে পারেন। পাকিস্তানে অবস্থানকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গেও বৈঠক করবেন বিসিবি সভাপতি। এরপর ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

‎সম্প্রতি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান। পিসিবির দাবি, বিষয়টি নিয়ে আইসিসির অবস্থান পক্ষপাতদুষ্ট। এই প্রেক্ষাপটেই বিসিবির ভূমিকা নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে বাংলাদেশ।

‎এর আগে ভারতের বোর্ড (বিসিসিআই)–এর নির্দেশে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ঢাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে বিসিবি আইসিসির কাছে ভারতে নির্ধারিত ম্যাচগুলো অন্য দেশে সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়। তবে আইসিসি সেই অনুরোধ নাকচ করে দেয়।

‎বিসিবির কঠোর অবস্থানের পর সময়সূচি পরিবর্তন সম্ভব নয় জানিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

‎এদিকে, পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে আইসিসির সঙ্গে সংলাপে বসতে পিসিবি আগ্রহী—ভারতীয় গণমাধ্যমে এমন দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান বোর্ড। পিসিবির মুখপাত্র আমির মির জানান, বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে আলোচনার জন্য বোর্ড কোনো উদ্যোগ নেয়নি।

‎ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচকে সবচেয়ে লাভজনক আয়োজনগুলোর একটি হিসেবে ধরা হয়। সম্প্রচারস্বত্ব, বিজ্ঞাপন, স্পনসরশিপ ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম মিলিয়ে একটি ভারত-পাকিস্তান টি–টোয়েন্টি ম্যাচের আর্থিক মূল্য প্রায় ৫০ কোটি মার্কিন ডলার বা প্রায় ৪৫ হাজার কোটি রুপির সমান বলে শিল্পখাতের হিসাব উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

‎এই পরিস্থিতিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের পাকিস্তান সফরকে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে চলমান কূটনৈতিক তৎপরতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট মহল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত