বাউফলে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত অর্ধশত

পটুয়াখালীর বাউফলে জামায়াতে ইসলামী ও জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার দুপুর ২টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারী বাজার এলাকায় ওই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানাগেছে, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লায় ভোট প্রদানের জন্য ২জন নারী কর্মী স্থানীয় বিউটি বেগম (৩০) নামের এক নারীকে ৫০০ টাকার বিনিময়ে জামায়াতে ভোটদানের অনুরোধ করেন। টাকার বিষয় নিয়ে ওই নারীর সঙ্গে জামায়াতের নারী কর্মীদের সঙ্গে বাক বিতন্ডা হয়। ঘটনা ছড়িয়ে পরলে জামায়াতের চলমান একটি মিছিল থেকে নরী কর্মীদের উদ্ধার করতে গেলে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত নেতা-কর্মী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে বিএনপি নেতা দেলায়ার হোসনে নামের একজন এবং জামায়াতের জামালমৃধা (২২) ও লিয়া জাহান (২০) নামের ২ কর্মীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ঘটনার সাথে সাথে পৌর-শহরে দফায় দফায় প্রতিবাদ মিছিল বের করে জামায়াত। এতে উভয় পক্ষের মধ্যে ব্যপক উত্তেজনার সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এবিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমার দলীয় নেতা-কর্মীদের মিছিলে হামলা করে বিএনপি। এতে প্রায় অর্ধশত নেতা-কর্মীকে কুপিয়ে আহত করা হয়েছে। টাকা লেনদেনের বিষয় প্রশ্ন করা হলে তিনি বলেন, সেখানে টাকার লেনদেনের কোন বিষয় ছিল না। এটি একদম মিথ্যে, বানোয়াট ও তাদের সাজানো নাটক।

চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির নেতা রুহুল রাঢ়ি বলেন, জামায়াতের ২ নারী তাদের পক্ষে ভোটদানের জন্য চন্দ্রদ্বীপে টাকা নিয়ে প্রবেশ করে। চর মিয়াজান ভান্ডারিয়া বাজারের কাছে বিউটি বেগম নামের এক মহিলাকে ওই জামায়েতের নারী কর্মীরা টাকা দিতে চাইলে তিনি প্রতিবাদ জানান। খবর পেয়ে বিএনপি দলীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। আমি সাথে সাথে স্থানীয় প্রশাসনকে অবহিত করি। ওই সময় জামায়াতের নেতাকর্মীরা তাদের ২ নারী কর্মীকে বাঁচাতে একটি মিছিল নিয়ে বিউটি বেগমের বসত ঘরে হামলা করে। বিএনপি নেতা দেলায়ার হোসেনকে কুপিয়ে আহত করা হয়েছে। আমদের পক্ষের অন্তত ১০জন আহত হন।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। শহরের পরিসিস্থতি এখন স্বাভাবিক রয়েছে। তবে এখনও কোন মামলা হয়নি।