বাউফলে ছাত্রদল সভাপতিকে শোকজ 

আপডেট : ১০ জুন ২০২৬, ০১:৫৭ এএম

পটুয়াখালীর বাউফলে এক বিএনপি নেতার গাড়ি চালককে মারধর করার অভিযোগে সেই ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদকে শোকজ করেছে কেন্দ্রীয় ছাত্রদল। সাংগঠ‌নিক শৃংখলা ভ‌ঙ্গের দা‌য়ে আগামী ২৪ ঘন্টার ম‌ধ্যে তা‌কে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় ছাত্র সংস‌দের কা‌ছে উপ‌স্থিত থে‌কে কারণ দর্শা‌তে বলা হ‌য়ে‌ছে। 

উল্লেখ‌্য, গতকাল মঙ্গলবার (৯জুন) দুপুরের দিকে উপজেলা সদরের হাসপাতাল রোড এলাকায় এ ঘটনা ঘটেছে। সন্ধ্যায় এ বিষয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। 

ভুক্তভোগী বিএনপি নেতার নাম রাজিব বাবু অভিযোগ করেন, তিনি কালাইয়া বন্দরের ইজাদার। ঘটনার সময় তিনি রিপোর্টারস ইউনিটিতে একটি মিটিংয়ে যাচ্ছিলেন। তখন সৌদিয়া মার্কেট এলাকায় তার গাড়ি যানজটে আটকে যায়। হঠাৎ ছাত্রদলের সভাপতি ফাহাদ তার মোটর সাইকেল দিয়ে তার গাড়ির পিছনে ধাক্কা মারেন। এরপরে গাড়ির চালক গ্লাস খুলে কারণ জানতে চাইলেই ফাহাদ তাকে মারধর করেন। এসময় তিনি নিজে গাড়ি থেকে নেমে নিরাপদ আশ্রয়ে যান। পরে সন্ধ্যায় তার গাড়ি থানা চত্ত্বরে পাওয়া যায়। তবে গাড়ির ভেতরে থাকা তার প্রায় ৭৬ লাখ টাকা ও ৫ টি প্রোজেক্টর এবং গাড়ির চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না। 

এদিকে অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, চালক গাড়ি রাস্তার মাঝখানে রাখায় আমি মোটরসাইকেল নিয়ে যেতে পারছিলাম না। পরে যখন গাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম তখন গাড়ির চালক আমার হাত ধরে টান দেন। এতে আমার অসুস্থ স্ত্রীসহ আমার মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ার উপক্রম হয়। এ নিয়ে স্থানীয়দের সাথে গাড়ি চালকের ঝামেলা হয়। আমি চালককে মারধর করিনি, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। টাকা পয়সা ও গাড়ি চালক মিসিংয়ের বিষয়ও আমি কিছু জানি না।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে তদন্ত চলমান। থানায় গাড়ি থাকা প্রসঙ্গে তিনি বলেন, সাহেদ নামের স্থানীয় এক ছেলে গাড়িটা থানায় রেখে গেছেন, তখন ঝামেলার বিষয়টি পুলিশ অবগত ছিলেন না। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত