যদি ভোটকেন্দ্র পাহারা না দেন ঘুঘু কান নিয়ে যাবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত ১৭ বছর বিএনপি নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে। ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের হয়েছে। কষ্ট পেতে পেতে বিএনপি নেতাকর্মীরা খাঁটি সোনায় পরিণত হয়েছে। তবে আন্দোলন এখনও শেষ হয়নি। আন্দোলন শেষ হবে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয় লাভের পর। এজন্য আপনাদের ভোটের আগের দিন রাত থেকে পরের দিন পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। তা না হলে ঘুঘু কান কেটে নিয়ে যাবে।

আজ রবিবার সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশনে চট্টগ্রাম-১৫ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের পক্ষে নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী।

আমীর খসরু মাহমুদ বলেন, একটি দল বট বাহিনী দিয়ে ফেসবুকসহ নানা মিডিয়ায় মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করছে। বিকাশ নম্বর নিচ্ছে ভোটারদের। ব্যালটের সিলসহ ধরা পড়েছে। তাদের কি আপনারা ভোট দেবেন? বিএনপি সৃষ্টি হয়েছে বহুদলীয় গণতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। বাংলাদেশকে আর সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়া যাবে না। বিএনপি সরকার গঠন করতে পারলে কর্মসংস্থান, বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা এবং প্রত্যেক নারীর জন্য ফ্যামিলি কার্ড প্রদান করবে।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, সাতকানিয়া লোহাগাড়ার বিএনপি আজ ঐক্যবদ্ধ। যারা ৭১-কে সন্মান করে না তাদের বাংলার মানুষ কখনও ভোট দিতে পারে না। বিগত দিনে বিএনপি ভোট দিয়েছিল বলেই জামায়াত প্রার্থী চট্টগ্রাম-১৫ আসনে বিজয়ী হয়েছেন। এবার কিন্তু মামু ধরা খেয়েছে।

সভায় দক্ষিণ জেলা বিএনপির সদস্য ফৌজুল কবির ফজলু সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন, বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাজ্জাদুর রহমান ও এস এম ছলিম উদ্দিন খোকন, সালাউদ্দিন চৌধুরী সোহেল প্রমুখ।