কুষ্টিয়া

সাবেক পৌর মেয়রসহ ৩জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা

কুষ্টিয়া পৌর সভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার আলীসহ তিনজনের বিরুদ্ধে বিল্ডিং নির্মাণ প্লান অনুমোদনে আদায়ের প্রায় সাড়ে ৫ কোটি টাকা আত্মাসাতের অভিযোগে মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে মামলাটি করেন।

মামলার অপর দুই এজাহার নামীয় ব্যক্তি হলেন-পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন ও হিসাব রক্ষক আবুল কালাম আজাদ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলী ২০০৪ সালে ২৬ জুলাই কোনো প্রকার প্রাসঙ্গিক রেকর্ডপত্র সংযুক্তিসহ কোন প্রকার রেজুলেশন না করে অগ্রণী ব্যাংকে দরিদ্র তহবিল নামে একটি চলতি হিসাব একক স্বাক্ষরে কুষ্টিয়া পৌরসভার স্মারক মূলে পত্রের মাধ্যমে হিসাব চালু করেন। হিসাবটিতে বিগত ২০১৮ সালের ১ জানুয়ারি হতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোন প্রকার রেকর্ডপত্র সংযুক্তি ও রেজুলেশন না করে নিয়ম বহির্ভুত এবং বেআইনী অবৈধ প্রক্রিয়ায় পৌর এলাকার মধ্যে বিল্ডিংয়ের প্লান অনুমোদন বাবদ আবেদনকারীদের কাছ থেকে সরকারি ফিয়ের থেকে অতিরিক্ত টাকা আদায় এবং লাইসেন্স থেকে সরকারি ফি অবৈধভাবে রশিদের মাধ্যমে কুষ্টিয়া পৌরসভার আদায় করা টাকা ব্যাংক হিসাবে জমা দেওয়ার পরবর্তীতে বিভিন্ন খাতে উক্ত টাকা খরচ দেখিয়ে পরস্পর যোগসাজসে ৫ কোটি ২১ লাখ ৭ হাজার ৫৬৯ টাকা ব্যাংক থেকে তুলে আত্মসাৎ করেন।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া জানায়, ২০২৪ সালের ০১ এপ্রিল কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলীসহ তার পরিবারের আরও তিন সদস্য যথাক্রমে স্ত্রী আকতার জাহান, ছেলে পারভেজ আনোয়ার ও পূত্রবধু নোশিন শারমিনের বিরুদ্ধে পৌর তহবিলের টাকা নাগরিক সেবা এবং উন্নয়ন কাজে ব্যবহার না করে অর্থ আত্মসাতের অভিযোগে আরও একটি মামলা তদন্তাধীন রয়েছে।