গাইবান্ধার গোবিন্দগঞ্জে আফরিন আক্তার (১৮) নামে এক নববধূ ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রাজাহার ইউনিয়নের দুবলা গাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আফরিন আক্তার ওই গ্রামের আজাদুল ইসলামের মেয়ে। তিনি উপজেলার ভেউর গ্রামের জিয়ারুল ইসলামের স্ত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, আফরিন আক্তারের সাথে প্রায় ৮ মাস পূর্বে জিয়ারুলের বিয়ে হয়। সম্প্রতি কয়েকদিন আফরিন আক্তার তার বাবার বাড়ি দুবলা গাড়িতে আসেন। আজাদুল ইসলাম জানান, তার মেয়ে আফরিন আক্তার হঠাৎ মানসিক রোগে ভারসাম্যহীন হয়ে পড়ে। এরই একপর্যায়ে সে বাড়ির সবার অজান্তে বসতবাড়ির দক্ষিণ দুয়ারি ঘরের তীরের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
গোবিন্দগঞ্জ থানাধীন বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর লাইছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় আফরিনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করেছন তার স্বজনরা।