ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির’ নামে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনে অধ্যাদেশ জারি করেছে সরকার। এর মাধ্যমে নতুন এই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পথ সুগম হলো।

রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করা হয়।

খসড়া অধ্যাদেশে সাতটি কলেজকে চারটি স্কুলে বিভক্ত করার প্রস্তাব থাকলেও চূড়ান্ত অধ্যাদেশে সে সিদ্ধান্ত থেকে সরে এসে বলা হয়েছে, কলেজগুলোর স্বকীয়তা বজায় রেখে একাডেমিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত থাকবে।

এই অধ্যাদেশ জারির মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনায় নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠিত হলো।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল এবং কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থীরা মূল ক্যাম্পাস বা সংযুক্ত কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। কলেজগুলোতে কেন্দ্রীয়ভাবে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম পরিচালনার পাশাপাশি শিক্ষক উন্নয়ন ও উচ্চতর প্রশিক্ষণের সুযোগ থাকবে।

একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকা এসব কলেজকে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে একাডেমিক হয়রানির অভিযোগ তুলে শিক্ষার্থীরা পরবর্তীতে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন।