ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসির বক্তব্য প্রত্যাহার ও দুঃখ প্রকাশের দাবি

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১২:৪৪ পিএম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) উপাচার্য অধ্যাপক ড. নূরুল ইসলামের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্যদের নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্যরা। একই সঙ্গে উপাচার্যের বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশের দাবি জানানো হয়েছে।

এমন বক্তব্য একজন উপাচার্যের দায়িত্বশীল ও নিরপেক্ষ অবস্থানের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ সে বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন শিক্ষা ক্যাডার সদস্যরা।

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্যদের পক্ষ থেকে দেওয়া এক প্রতিবাদলিপিতে কয়েকটি দাবি তুলে ধরা হয়।

১. বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্যদের সম্পর্কে প্রদত্ত অবমাননাকর বক্তব্য অবিলম্বে প্রত্যাহার ও দুঃখ প্রকাশ করতে হবে।

২. ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬-এর প্রতিটি বিধান যথাযথভাবে অনুসরণ ও বাস্তবায়ন করে সাত কলেজের স্বকীয়তা ও প্রাতিষ্ঠানিক মর্যাদা অক্ষুন্ন রেখে একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

৩. সাত কলেজের শিক্ষার্থীদের প্রকৃত একাডেমিক সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সম্মান ও সহযোগিতার পরিবেশ নিশ্চিত করতে হবে।

প্রতিবাদে রবিবার কালো ব্যাজ ধারণ করবে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার সদস্যবৃন্দ।

একটি বৃহৎ ও মর্যাদাপূর্ণ শিক্ষকসমাজকে অবমাননা করে কোনো সুস্থ একাডেমিক পরিবেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। উপরোক্ত দাবি দ্রুত বাস্তবায়িত না হলে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্যবৃন্দ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন, প্রয়োজনবোধে শ্রেণি কার্যক্রম থেকে বিরত থাকার কর্মসূচিও অন্তর্ভুক্ত থাকবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত