যশোরে প্রার্থীর বাড়িতে ককটেল নিক্ষেপের অভিযোগ

যশোর-৬ (কেশবপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীক প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর বাসভবনে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কেশবপুর পৌর জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দাঁড়িপাল্লার প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, রবিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে যশোর-৬ (কেশবপুর) আসনের ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী স্যারের নিজ বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা এই কাপুরুষোচিত, পরিকল্পিত ও ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি কেশবপুরে আইন-শৃঙ্খলার অবনতির একটি নগ্ন বহিঃপ্রকাশ। নির্বাচনী পরিবেশকে আতঙ্কিত করা, সাধারণ ভোটারদের ভয় দেখানো এবং একটি জনপ্রিয় প্রার্থীকে দমিয়ে রাখার জন্য এই ধরনের সন্ত্রাসী কৌশল গ্রহণ করা হয়েছে বলে আমরা মনে করি।

তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই— এই হামলা শুধু একজন প্রার্থীর ওপর নয়, এটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর সরাসরি আঘাত। এটি সংবিধান, গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকারকে চ্যালেঞ্জ করার শামিল।

তিনি দাবি করে বলেন, এই সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে, ঘটনার নেপথ্যে যারা তাদেরকে শনাক্তপূর্বক দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 

কেশবপুর থানার ওসি শুকদেব রায় বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।