নারায়ণগঞ্জে হাতপাখা প্রতীকের প্রার্থীর গণমিছিলে জনতার ঢল

নারায়ণগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতী ইসমাইল সিরাজীর গণমিছিলের জনতার ঢল দেখা গেছে। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার দেলপাড়া এলাকা থেকে গণমিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মী সমর্থকরা হাত পাখা স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে। 

মুফতী ইসমাইল সিরাজী বলেন, নির্বাচিত হলে প্রথম কাজ হবে জলাবদ্ধতা দূরীকরণ, মাদক ও চাঁদাবাজি নির্মূল। এছাড়া বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, বক্তাবলীতে ব্রিজ, ফতুল্লায় একাধিক হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠা করবো। 

তিনি আরো বলেন, আমাদের নেতাকর্মী সমর্থকদের হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আমরা কোন রক্তচক্ষুকে ভয় পাইনা। আশা করবো নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকবে। ভোটারদেরকে হাতপাখা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

অপরদিকে বিকেলে শহরের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতী মাসুম বিল্লাহর নেতৃত্বে গণমিছিল বের হয়। এ সময় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।