আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত স্কোয়াডে সবচেয়ে আলোচিত সংযোজন সুইডেনপ্রবাসী তরুণ ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী।
সুইডেনে বেড়ে ওঠা ২০ বছর বয়সী আনিকা খেলেছেন দেশটির ক্লাব ব্রোমাপোইকার্নার অনূর্ধ্ব–১৯ দলে। সম্প্রতি সুইডিশ কাপে ক্লাবটির সিনিয়র দলে তার অভিষেক হয়েছে। ইউরোপের প্রতিযোগিতামূলক ফুটবলে খেলার অভিজ্ঞতা এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে কাজে লাগানোর সুযোগ পাচ্ছেন তিনি। জাপানে জন্ম নেওয়া মাতসুশিমা সুমাইয়ার পর আনিকাই হতে যাচ্ছেন জাতীয় নারী দলে সুযোগ পাওয়া আরেক প্রবাসী ফুটবলার।
আনিকার পাশাপাশি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আলপি আক্তার ও সৌরভী আফরিন। তরুণ এই দুই ফুটবলারের অন্তর্ভুক্তি ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। দলে ফিরেছেন অভিজ্ঞ আইরিন খাতুন ও সৌরভী আকন্দও।
অস্ট্রেলিয়ায় ১ থেকে ২১ মার্চ অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপের ২১তম আসর। পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে রয়েছে শক্তিশালী তিন প্রতিপক্ষ—চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই ৩ মার্চ বর্তমান ও নয়বারের শিরোপাজয়ী চীনের বিপক্ষে মাঠে নামবে পিটার বাটলারের দল। ৬ মার্চ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ উত্তর কোরিয়ার বিপক্ষে। তিনবারের চ্যাম্পিয়ন এই দলটি এশিয়ান কাপে নিয়মিত শক্ত প্রতিপক্ষ হিসেবে পরিচিত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ মার্চ উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
১২ দলের এই টুর্নামেন্টে তিন গ্রুপে ভাগ হয়ে লড়বে দলগুলো। প্রতিটি গ্রুপের সেরা দুই দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে। পাশাপাশি তিন গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্য থেকে সেরা দুই দলও শেষ আটে জায়গা পাবে।
কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দল পাবে ২০২৭ ব্রাজিল নারী বিশ্বকাপ এবং ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জনের সুযোগ।
বাংলাদেশ নারী ফুটবল দল
গোলরক্ষক:
রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী
ডিফেন্ডার:
আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, নবীরন খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, হালিমা খাতুন, সৌরভী আফরিন
মিডফিল্ডার:
স্বপ্না রানী, মুনকি আক্তার, আইরিন খাতুন, শাহেদা আক্তার, উমহেলা মারমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকী, উন্নতি খাতুন
ফরোয়ার্ড:
আলপি আক্তার, সৌরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, তহুরা খাতুন, মোসাম্মত সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র
স্ট্যান্ডবাই:
অর্পিতা বিশ্বাস, সিনহা জাহান, শান্তি মার্ডি, তনিমা বিশ্বাস