২৯৯ রানে আউট: মার্টিন ক্রো-পাওয়েলদের মতো দুর্ভাগ্য সুদীপের

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম

ভারতের রঞ্জি ট্রফির কোয়ার্টার–ফাইনালে ইতিহাস গড়েও এক রানের জন্য ট্রিপল সেঞ্চুরি ছোঁয়া হলো না সুদীপ কুমার ঘারামির। অন্ধ্রপ্রদেশের বিপক্ষে বেঙ্গলের হয়ে ২৯৯ রানে আউট হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই বিরল ও বেদনাদায়ক রেকর্ডে নাম লিখিয়েছেন ২৬ বছর বয়সী এই ব্যাটার।

কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমিতে ম্যাচটি শুরু হয় বেঙ্গল অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনের টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্তে। আগে ব্যাট করে অন্ধ্রপ্রদেশ গুটিয়ে যায় ২৯৫ রানে। অধিনায়ক রিকি ভূই করেন সর্বোচ্চ ৮৩ রান। বেঙ্গলের হয়ে মুকেশ কুমার নেন ৫ উইকেট ৬৬ রানে, আকাশ দীপ নেন ৪ উইকেট ৭৯ রানে।

দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে প্রথম উইকেট পড়ার পর ক্রিজে নামেন ঘারামি। এরপর টানা দুই দিন উইকেটে দাঁড়িয়ে থেকে একপ্রকার একাই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন তিনি। ৫৯৬ বল মোকাবিলা করে ৩১টি চার ও ৬টি ছক্কায় সাজান তার ২৯৯ রানের ইনিংস। সময়ের হিসেবে এটি চলতি দশকের প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ ইনিংস। ২০২১–২২ মৌসুমে কেরালার বিপক্ষে মধ্যপ্রদেশের হয়ে যশ দুবের ৫৯১ বলের ২৮৯ রানকে ছাড়িয়ে যায় ঘারামির ইনিংস।

ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পর ধীরে, স্থিরভাবে এগোচ্ছিলেন ট্রিপল সেঞ্চুরির দিকে। ষষ্ঠ ও সপ্তম উইকেটে বড় দুটি জুটি গড়েন তিনি। উইকেটকিপার শাকির গান্ধীর সঙ্গে ২২১ রানের জুটি ছিল পুরো ইনিংসের সবচেয়ে বড় অংশীদারত্ব।

২৯৯ রানে পৌঁছানোর পর যখন ৩০০ থেকে মাত্র এক রান দূরে, তখনই নেমে আসে নিষ্ঠুর পরিণতি। অন্ধ্রপ্রদেশের লেগ স্পিনার শাইখ রশিদের বল নিচু হয়ে ঢুকে পড়ে তার অফ স্টাম্পে। দুই দিন ধরে চলা অবিশ্বাস্য লড়াইয়ের ইতি ঘটে এক রানের আক্ষেপ নিয়ে।

এর মধ্য দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ২৯৯ রানে আউট হলেন ঘারামি—এবং প্রথম ভারতীয়। এর আগে এই দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা হয়েছিল নিউজিল্যান্ডের মার্টিন ক্রো ও ইংল্যান্ডের মাইকেল পাওয়েলের। টেস্ট ক্রিকেটে ডন ব্র্যাডম্যান ও রঞ্জিতে মহারাষ্ট্রের শান্তনু (এস এস) সুগওয়েকার ২৯৯ রানে অপরাজিত ছিলেন।

এক রানের জন্য তিন অঙ্কের ক্লাবে ঢুকতে না পারলেও ইতিহাসে জায়গা করে নিয়েছেন ঘারামি। ডাবল সেঞ্চুরির আগে তার সর্বোচ্চ স্কোর ছিল ১৮৬। এটি ছিল তার ৩৮তম প্রথম শ্রেণির ম্যাচে সপ্তম সেঞ্চুরি, তবে প্রথম ডাবল সেঞ্চুরি। ব্যক্তিগত আক্ষেপের মাঝেও ম্যাচে পুরো নিয়ন্ত্রণ ছিল বেঙ্গলের হাতেই। ঘারামির ঐতিহাসিক ইনিংসের ভর করে বেঙ্গল প্রথম ইনিংসে তোলে বিশাল ৬২৯ রান। প্রথম ইনিংসে ৩৩৪ রানের লিড নিয়ে কার্যত সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলে তারা।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯৯ রানে ইনিংসের তালিকা

১) ডন ব্র্যাডম্যান – অস্ট্রেলিয়া
বনাম দক্ষিণ আফ্রিকা, অ্যাডিলেড ওভাল, ১৯৩১–৩২
স্কোর: ২৯৯* (অপরাজিত)

২) এস এস সুগওয়েকার – মহারাষ্ট্র
বনাম মধ্যপ্রদেশ, নেহরু স্টেডিয়াম, পুনে, ১৯৮৮–৮৯
স্কোর: ২৯৯* (অপরাজিত)

৩) মার্টিন ক্রো – নিউজিল্যান্ড
বনামশ্রীলঙ্কা, বেসিন রিজার্ভ, ওয়েলিংটন, ১৯৯০–৯১
স্কোর: ২৯৯ (আউট)

৪) মাইকেল পাওয়েল – গ্ল্যামরগান
বনাম গ্লস্টারশায়ার, কলেজ গ্রাউন্ড, চেলটেনহ্যাম, ২০০৬
স্কোর: ২৯৯ (আউট)

৫) সুদীপ ঘারামি – বেঙ্গল
বনাম অন্ধ্রপ্রদেশ, কল্যাণী, ২০২৬
স্কোর: ২৯৯ (আউট)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত