শরীয়তপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে আহত অন্তত ২৫

শরীয়তপুরের জাজিরায় একটি যাত্রীবাহী বাস খালে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জাজিরা পৌরসভার ঠান্ডার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পদ্মা ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস অন্তত ৩৫ জন যাত্রীবোঝাই করে ঢাকা থেকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার দিকে যাচ্ছিলো। জাজিরার ঠান্ডার মোড় এলাকায় পৌছলে সড়কের দুপাশে সংস্কার কাজ চলমান থাকায় গাড়ির একটি চাকা খাদে পড়ে যায়। পরে পুরো বাসটি উল্টে পাশের একটি খালে পড়ে। এতে চালক ও যাত্রীসহ অন্তত ২৫ জন আহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাস খালে পড়লে অন্তত ২৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসকসার জন্য নেওয়া হয়েছে।