বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতের আমির যখন যেটা সুবিধা মনে করছেন— সেই পথ দিয়ে ক্ষমতায় যেতে দিন-রাত কাজ করছেন। কিন্তু এই কাজের মধ্যে ধরা পড়ছে আসল চরিত্র। জিয়াউর রহমান না থাকলে জামায়াতি ইসলামের জন্ম হতো না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম-২ আসনে জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, বাংলাদেশের মাটিতে জামায়াতি ইসলাম রাজনীতি করতে পারত না। বেগম খালেদা জিয়া না থাকলে মন্ত্রীত্বের স্বাদ পেতেন না। অথচ আপনাদের কৃতজ্ঞতা বোধ নাই। জামায়াতের আমির সাক্ষাৎকারে বলেছেন, মেয়েরা এমপি হতে পারবে কিন্তু জামায়াতের আমির ও রাষ্ট্রের প্রধান হতে পারবে না। অথচ আপনারা বেগম খালেদা জিয়ার অধীনে মন্ত্রী হয়েছিলেন।
তিনি আরও বলেন, তারা ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না। মেয়েরা অফিস-আদালত, রাজনৈতিক দল কোথাও ভালো কোন পদ পাবে না।
এ সময় কুড়িগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।