কুড়িগ্রামে জুলাইয়ের অনুষ্ঠানে সাংবাদিককে মারধরের অভিযোগ

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৭:৪২ পিএম

কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল থেকে স্টার টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবাইরকে বের করে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ আহত সাংবাদিককে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠায়।

আহত সাংবাদিক জুবাইর অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব করতে গিয়ে তিনি অনুষ্ঠান কাভার করতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে যান। সে সময় ওসির বক্তব্য চলছিল এবং তিনি ভিডিও ও ছবি ধারণ করছিলেন। এ সময় হঠাৎ শামীম নামে এক বিএনপি কর্মী তাকে টেনে বাইরে নিয়ে যান এবং মোটরসাইকেলে উঠতে বলেন। তিনি অস্বীকৃতি জানালে কয়েকজন মিলে তাকে মারধর শুরু করেন। হামলাকারীরা তার মাথা লক্ষ্য করে আঘাত করেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক জানান, সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আহত সাংবাদিক মোহাম্মদ জুবাইর কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাথায় আঘাত পাওয়ায় চিকিৎসক তাকে সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত