বাংলাদেশের বিষয়কে গুরুত্ব দিয়েই আইসিসির সঙ্গে আলোচনা চলছে: মহসিন নাকভি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট–সংক্রান্ত ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দলের সঙ্গে রবিবার লাহোরে আলোচনা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও উপস্থিত ছিলেন। 

আজ পিএসলের এক নিলাম অনুষ্ঠানে বৈঠক প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে মহসিন নাকভি জানিয়েছেন, বিষয়টি মূলত বাংলাদেশের ছিল। বাংলাদেশের অবস্থানকে অবহেলা করতে চাননি বলেই তারা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন। “এই বিষয়টি ছিল বাংলাদেশের। আমরা তাদের দৃষ্টিভঙ্গিকে উপেক্ষা করতে চাইনি। তারা আমাদের ভাই, আর আপনারা পরিস্থিতিও দেখেছেন", বলেন নাকভি। তিনি জানান, আলোচনার প্রক্রিয়া এখনও চলমান থাকায় এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা ঠিক হবে না।

পিসিবি প্রধান বলেন, “কিছু বিষয় এগোচ্ছে, সে কারণেই আমি এখন বেশি কিছু বলছি না। আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন একটি পর্যায়ে আছে, যেখানে এখন কিছু বললে তা ঠিক হবে না। আমরা তথ্য পেলেই আপনাদের জানাব।”

আইসিসির সফররত প্রতিনিধি দলের সঙ্গে আচরণ কেমন হওয়া উচিত—এ প্রসঙ্গে নাকভি বলেন, অতিথিদের প্রতি সম্মান দেখানোই সবার দায়িত্ব, “অতিথিদের সম্মান জানাতে হয়।”