পাকিস্তানি দুই স্পিন বোলিং কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একজন আরশাদ খান, অন্যজন শাহেদ মাহমুদ। গত জুনে তাদের চুক্তির মেয়াদ শেষ হয়। তবে নতুন করে আর চুক্তি করেনি বিসিবি।
দুই বছর আগে বাংলাদেশে কোচ হিসেবে আসেন আসেন শাহেদ। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের বোলিং প্রোগ্রামের দায়িত্ব পালন করেন তিনি। দেশের বিভিন্ন অঞ্চলে ‘স্পিনিং হান্ট’ কার্যক্রম এবং বয়সভিত্তিক দলের ক্যাম্পে স্পিনারদের নিয়ে কাজ করতেন এই কোচ। তবে তাকে আর না রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড।
আরশাদ বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের স্পিন বোলিং কোচ ছিলেন। তার জায়গায় আব্দুর রাজ্জাককে নিয়োগ দিয়েছে এইচপি। পাশাপাশি সোহেল ইসলাম ব্যাটিংয়ের সঙ্গে স্পিনারদেরো দেখভাল করবেন। এজন্য আরশাদের সঙ্গে নতুন চুক্তি করেনি বিসিবি।
আলোচনা চলছিল, অনূর্ধ্ব-১৯ দলের স্পিন বোলিং কোচ করা হতে পারে এই পাকিস্তানিকে। তবে সেখানেও সুযোগ পাচ্ছেন না তিনি। এ বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘অনূর্ধ্ব-১৯ কর্মসূচিতে বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ থাকবেন না। বিসিবির অন্য কোচেরা তো আছেনই। যখন যাকে প্রয়োজন হবে, তিনি কিছুদিন ক্যাম্পে স্পিনারদের অনুশীলন করাবেন।’