'ধানের শীষেই গণতন্ত্র-উন্নয়ন ও জনগণের ভাগ্য ফেরানোর একমাত্র পথ'

ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, এই নির্বাচন রাষ্ট্রকে নতুনভাবে গড়া, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভাগ্য পরিবর্তনের নির্বাচন।

হালুয়াঘাট পৌর শহরের হালুয়াঘাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি প্রার্থী বলেন, ধানের শীষেই মুক্তি, গণতন্ত্র ও জনগণের ভাগ্য ফেরানোর একমাত্র পথ। তিনি সকলকে ধানের শীষ প্রতীকে আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, কৃষক কাঁদে, যুবক বেকার, গারো পাহাড়ের পাদদেশে অনুন্নত জনপদ এ অবহেলার জবাব দেবে ধানের শীষ।

তিনি বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়ার মানুষ উন্নয়নবঞ্চিত। রাস্তা-ঘাট, কৃষি, সীমান্ত এলাকার নিরাপত্তা, কর্মসংস্থান—সব ক্ষেত্রেই বৈষম্য করা হয়েছে। জনগণের ভোটে ধানের শীষ বিজয়ী হলে হালুয়াঘাটকে একটি বৈষম্যমুক্ত, পরিকল্পিত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় গণঅভ্যুত্থানের আকাঙ্খায় সাম্য, মানবিকতার ভিত্তিতে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফার আলোকে দল-মত-ধর্ম-বর্ণ-নির্বিশেষে ঐক্যবদ্ধ ও বৈষম্যহীন গণতন্ত্রান্ত্রিক বাংলাদেশ গড়ব। এই সকল পরিবারে মা, গৃহিণীর নামে ‘ফ্যামিলি কার্ড’ এর মাধ্যমে বিনামূল্যে খাদ্য দ্রব্য, কৃষককে ‘কৃষক কার্ড’ প্রদানের মাধ্যমে উৎপাদনে সহায়তা, ১ কোটি নতুন কর্মসংস্থান, শিক্ষিত বেকারদের এক বছরের জন্য ‘বেকার ভাতা’, হালুয়াঘাট ও ধোবাউড়ায় কল কারখানা স্থাপন ও বেকারত্বের অবসানে উদ্যোগ গ্রহণ, সন্ত্রাস, চাঁদাবাজ, চোরাচালান ও মাদক মুক্ত কর্মমুখর ও শান্তির  জনপদ গড়ে তোলা, বিনামূল্যে মান সম্মত প্রাথমিক চিকিৎসা সেবা ও গরিব রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান, সরকারি হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত, নতুন অ্যাম্বুলেন্স প্রদান করা হবে।

প্রিন্স অভিযোগ করে বলেন, অতীতে সীমান্ত এলাকা হালুয়াঘাট ও ধোবাউড়াকে অবহেলিত রেখে উন্নয়নের নামে লুটপাট চালিয়েছে। কৃষক ফসলের ন্যায্য দাম পায় না, তরুণরা বেকার, আর সাধারণ মানুষ দ্রব্যমূল্যের আগুনে পুড়ছে। বিএনপি ক্ষমতায় এলে প্রথম কাজ হবে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র মেরামতের কর্মসূচি বাস্তবায়নের জন্য জনগণের রায় চাইছে। এই নির্বাচনে ধানের শীষে বিজয় মানেই জনগণের বিজয়, গণতন্ত্রের বিজয়।

সমাবেশ শেষে ধানের শীষের পক্ষে গণমিছিল বের করা হয়। মিছিলটি হালুয়াঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী হাজারো মানুষ স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো পৌর শহর।