ভ্যালেন্সিয়ার মাঠে জয় নিয়েও রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়ার কণ্ঠে ছিল একটাই নাম কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ শেষে ফরাসি তারকাকে নিয়ে বলতে গিয়ে যেন শব্দই খুঁজে পাচ্ছিলেন না তিনি। সরাসরি জানালেন, এমবাপ্পেকে বর্ণনা করার মতো বিশেষণই নাকি শেষ হয়ে আসছে তার ভাণ্ডারে।
লা লিগার ম্যাচে রবিবার মেস্তায়ায় ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৬৫ মিনিটে ডিফেন্ডার আলভারো কারেরাস গোল করে দলকে এগিয়ে দেন। যোগ করা সময়ে কাছ থেকে গোল করে জয় নিশ্চিত করেন এমবাপ্পে। টানা ষষ্ঠ ম্যাচে এটি তার নবম গোল। এ জয়ে লিগে টানা সপ্তম ম্যাচ জিতল রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার থেকে এক পয়েন্ট পিছিয়ে থেকেই শিরোপা লড়াইয়ে চাপ ধরে রাখল আরবেলোয়ার দল। ম্যাচ শেষে কোচ বলেন, ‘কিলিয়ানকে বর্ণনা করার মতো বিশেষণই যেন আমাদের ফুরিয়ে আসছে। এ মুহূর্তে সে বিশ্বের সেরা ফুটবলার। ম্যাচের পর ম্যাচ সেটার প্রমাণ দিয়ে যাচ্ছে।’
চলতি লা লিগায় এমবাপ্পের গোলসংখ্যা এখন ২৩। গোলদাতার তালিকায় নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনি এগিয়ে আছেন আট গোলে। তার এই ধারাবাহিকতা আবারও মনে করিয়ে দিচ্ছে রিয়াল মাদ্রিদের সাবেক কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
রোনালদোর সঙ্গে দীর্ঘদিন একই ক্লাবে থাকা আরবেলোয়া মনে করেন, রিয়ালের ইতিহাসে পর্তুগিজ তারকার কীর্তি প্রায় অদ্বিতীয়। তবে এমবাপ্পের মধ্যে তিনি দেখছেন সেই একই পথে এগিয়ে যাওয়ার সব উপাদান। ‘আমরা ভেবেছিলাম, ক্রিশ্চিয়ানোর মতো আর কাউকে দেখতে পারব না। কিন্তু এই একজন ঠিক সেই পথ ধরেই ছুটছে। ক্রিশ্চিয়ানো যা করেছে, তা প্রায় অবিশ্বাস্য। অনেক বছর ধরে খেলেই সে সেই উচ্চতায় পৌঁছেছে। কিলিয়ানের সামনে এখনো অনেক পথ বাকি। তবু যদি কেউ কখনো রোনালদোর কীর্তি ছুঁতে বা ছাড়াতে পারে, সেটা এমবাপ্পেই।’