টি–টোয়েন্টি বিশ্বকাপে আবার মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। কলম্বোতে গ্রুপ ‘এ’-এর আজকের এই ম্যাচকে সামনে রেখে পাকিস্তানের ওপরই বেশি চাপ থাকবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র দলের লেগ স্পিনার মোহাম্মদ মহসিন।
সোমবার তিনি বলেন, “শেষ ম্যাচে হারের চাপটা থাকবে পাকিস্তানের ওপরই।”
দুই বছর আগে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে বড় ধাক্কা খেয়েছিল সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান। সেই স্মৃতিই আবার সামনে আনছেন মহসিন।
পাকিস্তানেই জন্ম ও বেড়ে ওঠা মহসিন পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তাঁর মতে, দুই বছর আগের তুলনায় বর্তমান যুক্তরাষ্ট্র দল অনেক বেশি শক্তিশালী ও আত্মবিশ্বাসী। তিনি বলেন, “আমি পাকিস্তান দলের অনেক খেলোয়াড়ের সঙ্গেই আগে খেলেছি। তাই দলকে প্রয়োজনীয় ইনপুট দিতে পারছি। এখন আমরা আরও দক্ষ এবং আত্মবিশ্বাসী দল।”
তবে পাকিস্তান শিবির বিষয়টিকে অতীত হিসেবেই দেখতে চায়। পেসার সালমান মির্জা স্পষ্ট করে বলেন, “জয়–পরাজয় খেলারই অংশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই হার এখন অতীত।”
আত্মবিশ্বাসী থাকলেও পাকিস্তানের জন্য পরিস্থিতি সহজ নয়। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে অল্পের জন্য হার এড়িয়েছে তারা। শেষ দুই ওভারে ২৯ রান দরকার থাকলেও ফাহিম আশরাফের ঝোড়ো ব্যাটিং পাকিস্তানকে জিতিয়ে দেয়।
২০২৪ আসরে যুক্তরাষ্ট্রের কাছে হারের কারণেই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল পাকিস্তানকে। মির্জা আরও স্বীকার করেন, তথাকথিত ছোট দলগুলোকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, “এখন পর্যন্ত সব ম্যাচই কাছাকাছি লড়াই হয়েছে। এই ফরম্যাটে ছোট বা বড় দল বলে কিছু নেই।”
নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ উইকেট নেওয়া এই পেসার জানান, পাকিস্তান দলে পরিবর্তনও আসতে পারে। সমালোচিত বাবর আজামের জায়গায় অভিজ্ঞ ব্যাটসম্যান ফখর জামানকে ফেরানো হতে পারে।
যুক্তরাষ্ট্র নিজেদের প্রথম ম্যাচে ভারতকে বড় চাপে ফেলে দেয়। এক পর্যায়ে ভারতকে ৭৭ রানে ৬ উইকেটে পরিণত করেছিল তারা। যদিও শেষ পর্যন্ত ২৯ রানে হেরে যায় তারা।