ময়মনসিংহের ত্রিশালে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে বিপুল পরিমাণ অর্থ লুটের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বগার বাজার চৌরাস্তা এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যক্তির নাম সুশেন চন্দ্র সরকার।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সুশেন চন্দ্র সরকার দীর্ঘদিন ধরে বগার বাজার এলাকায় চালের ব্যবসা করে আসছিলেন। ঘটনার রাতে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর তার গুদামে থাকা প্রায় ১৫ লাখ টাকা নিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা।
নিহত সুশেন চন্দ্র সরকার উপজেলার হরিরামপুর ইউনিয়নের সাউদকান্দা গ্রামের মৃত রাসবিহারী সরকারের ছেলে। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে এভাবে খতম করার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার অভাব বোধ তৈরি হয়েছে।
খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার নেপথ্যে থাকা অপরাধীদের ধরতে তারা তৎপর রয়েছে।
তদন্তের বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।