জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুদিন আগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে বিজিবির একটি দল শিবগঞ্জ উপজেলার ঠুটাপাড়ায় অভিযান চালায়। এ সময় ২টি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করে। মাসুদপুর সীমান্তের মাত্র ২০০ গজ অংশে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক বলেন, সংসদ নির্বাচনকে ঘিরে সীমান্ত দিয়ে বেশ কিছুদিন ধরেই অস্ত্র আসছে। এরই ধারাবাহিকতায় আজকের অস্ত্রগুলো এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে নির্বাচনে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, গত ৩ মাসে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে ৮টি বিদেশি পিস্তল, ১৭টি ম্যাগাজিন ও ৩২ রাউন্ড গুলি ও সাড়ে ৯ কেজি বিস্ফোরক আটক করেছে বিজিবি।