মুন্সীগঞ্জে ভোট কেন্দ্রে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৩

মুন্সীগঞ্জ সদরে ভোট কেন্দ্রে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছে। বুধবার বিকালে সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাকিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রার্থী মো. কামরুজ্জামান রতন ও বহিষ্কৃত জেলা বিএনপির সদস্য সচিব স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত অবস্থায় সদর উপজেলা যুবদলের সদ্য বহিস্কৃত সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মাহমুদুল হাসান সোহাগসহ (৩৫) অন্যান্যদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, বিকাল ৫টার দিকে ভোট কেন্দ্রের বাইরে ফেস্টুন ও পোস্টার সাঁটানো কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বহিষ্কৃত যুবদল নেতা মাহমুদুল হাসান সোগাগ ও বিএনপি প্রার্থীর সমর্থক জাকির জমাদারের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হন।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মাহমুদুল হাসান সোহাগ বলেন, বিএনপি প্রার্থীর সমর্থক জাকির জমাদারের নেতৃত্বে ভোট কেন্দ্রে পোস্টার ও ফেস্টুন লাগাচ্ছিল। আচরণবিধি ভঙ্গ হবে বিধায় ওই পোস্টার ও ফেস্টুন লাগাতে নিষেধ করতেই আমাদের লোকজনের ওপর হামলা হালায় বিএনপি প্রার্থীর লোকজন।

অন্যদিকে, বিএনপি প্রার্থীর সমর্থক জাকির জমাদার বলেন, আমরা ভোট কেন্দ্রে গেলে যুবদলের বহিষ্কৃত নেতা সোহাগের লোকজন চড়াও হয়। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠিসোঁটার আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, সংঘর্ষ হয়নি। কথা কাটাকাটি হয়েছে শুধু। সেখানে পুলিশ রয়েছে।