মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের জেলা সদরের চরাঞ্চল মোল্লাকান্দির একটি ভোটকেন্দ্রের বাইরে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেন্দ্রের ভেতরে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তিতুমির ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টার দিকে কেন্দ্রের বাইরের সড়কে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় ১০ থেকে ১৫টি ককটেল বিস্ফোরিত হয়।
খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে কেন্দ্রের ভেতরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটগ্রহণ কার্যক্রম চলমান আছে বলে জানান প্রিজাইডিং অফিসার।
