টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে গ্রুপ ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে ভারত। ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে পেটের সমস্যার কারণে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
বর্তমানে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে বিশ্বের এক নম্বরে থাকা ২৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান ভারতের শিরোপা ধরে রাখার অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ ভরসা। তবে তার শারীরিক অবস্থা পুরোপুরি ঠিক না থাকায় বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য গ্রুপ ‘এ’ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত মঙ্গলবার অভিষেককে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তিনি দলের অনুশীলনে অংশ নেননি। জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচের সময় থেকেই তিনি পেটের সমস্যায় ভুগছিলেন।
ভারত দলের সহকারী কোচ রায়ান টেন ডেশকাটে বিষয়টি নিশ্চিত করে বলেন, “ওর পেটে এখনও কিছু সমস্যা আছে। আশা করছি, কয়েক দিনের মধ্যেই সে খেলার জন্য প্রস্তুত হয়ে যাবে।” গত ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে খেলার সময়ই এই সমস্যাটি শুরু হয়েছিল বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৯ রানের জয়ের ম্যাচে অভিষেক শর্মা শূন্য রানে আউট হলেও টুর্নামেন্টের আগে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিনি করেন ১৮২ রান। এর মধ্যে ছিল মাত্র ৩৫ বলে করা বিধ্বংসী ৮৪ রানের ইনিংস, যা তাকে বিশ্বকাপের আগে ভারতের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করে।
নামিবিয়ার বিপক্ষে ম্যাচের পরই ভারত কলম্বো যাবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে খেলতে । ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত সেই ম্যাচ। এ অবস্থায় অভিষেক শর্মার শারীরিক অবস্থা দ্রুত স্বাভাবিক না হলে, নামিবিয়ার বিপক্ষে ম্যাচের পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ লড়াইয়েও ভারতকে নামতে হতে পারে বড় এক অনিশ্চয়তা নিয়ে।