এনগিদির মনে হচ্ছে 'স্ট্রেসে অনেক ওজন কমে গেছে'

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪০ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস ডাবল সুপার ওভারের ম্যাচ শেষে নিজের অনুভূতি লুকাননি দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদি। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হওয়া সেই নাটকীয় ম্যাচের পর তিনি স্বীকার করেন, ক্রিকেট মাঠে দাঁড়িয়ে জীবনে কখনও এতটা মানসিক চাপে পড়েননি।

ম্যাচসেরার পুরস্কার জয়ের পর এনগিদি বলেন, “আজ মনে হচ্ছে অনেক ওজন কমে গেছে। জীবনে কখনও ক্রিকেট খেলতে গিয়ে এতটা স্ট্রেসে ছিলাম না। শেষ পর্যন্ত জিততে পারায় সত্যিই স্বস্তি পেয়েছি।”

ম্যাচের সংকটময় মুহূর্তে নিজের ভূমিকা নিয়েও কথা বলেন এনগিদি। তিনি জানান, সুপার ওভারে বোলিং করার দায়িত্ব সম্ভবত তাঁর কাঁধেই পড়বে—এটা তিনি আগে থেকেই জানতেন।

এনগিদির ভাষায়, “জানতাম, সম্ভবত আমিই সুপার ওভারের অপশন হব। অধিনায়ক এইডেন মার্করাম শুধু বলেছিল, আগের মতোই করে যেতে।” অধিনায়কের আস্থার কথাও তুলে ধরেন তিনি।

তবে নিজের বোলিং নিয়েও খোলামেলা আত্মসমালোচনা করেন এনগিদি। তিনি বলেন, “প্রথম ওভারে নিজেকেই হতাশ করেছি। একদম পরিকল্পনা মতো হয়নি।”

পরে ম্যাচের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে সতীর্থদের পরামর্শ তাঁর কাজে লেগেছে বলেও জানান এই অভিজ্ঞ পেসার। এনগিদি বলেন, “কুইন্টন ডি কক, ডেভিড মিলার আর ট্রিস্টান স্টাবস পরিষ্কার করে বলেছিল—পিচে বল ফেললে সেটাই বেশি কার্যকর হচ্ছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত