রাজধানীতে ৩৩০ আনসার সদস্যকে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে রাজধানীর হাতিরঝিল এলাকায় ভুয়া সনদ ও বাণিজ্যের একটি অভিযোগ উদ্ঘাটনের কথা জানিয়েছে বাহিনীটি। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাতিরঝিল থানার ২২ নম্বর ওয়ার্ডের টিডিপি দলনেতা মামুন জনপ্রতি ৪০০ টাকার বিনিময়ে ভুয়া সনদ তৈরি করে প্রশিক্ষণবিহীন ৩৩০ জনকে নির্বাচনী ডিউটিতে অন্তর্ভুক্ত করেন। পরে দায়িত্ব দেওয়ার নামে তাদের কাছ থেকে জনপ্রতি ১ হাজার ১০০ টাকা করে উৎকোচ নেওয়ার তথ্য পাওয়া যায়।

অভিযোগ উদ্ঘাটনের পর সংশ্লিষ্ট ৩৩০ জনকে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া অভিযুক্ত দলনেতা মামুন বর্তমানে পলাতক।

এ ঘটনায় স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।