বগুড়ার ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিলন মিয়া (২২) ছুরিকাঘাতে আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া ভোট কেন্দ্রের সামনে হামলার শিকার হন তিনি।
আহত মিলন মিয়া চিকাশী ইউনিয়নের ছোনপঁচা গ্রামের ইদ্রীস আলীর ছেলে। বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
চিকাশী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ধানের শীষ প্রতীকের একজন এজেন্টের ছবি নিয়ে মিলন ভোট কেন্দ্রের সামনে দিয়ে ফিরছিল। এসময় দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত-শিবিরের লোকজন তার উপর হামলা করে। এক পর্যায়ে মিলনের মাথায় ছুরিকাঘাত করেছে।
ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান বলেন ‘আহত ছাত্রদল নেতা মিলন মিয়াকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তার মাথায় সেলাই দেয়া হয়েছে। চিকিৎসক সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছেন।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ছাত্রদল নেতা মিলন মিয়ার মাথায় ছুরিকাঘাতের কথা শুনেছি। জামায়াত-শিবিরের লোকজনের বিরুদ্ধে এ হামলার মৌখিক অভিযোগ এনেছে বিএনপি। আমরা ঘটনাটি তদন্ত করছি।