দিনের শুরুতেই সপরিবারে ভোট দিলেন বিএনপি প্রার্থী মুজিবুর রহমান

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী নির্বাচনের দিন সকালেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটের দিন সকাল ৭টা ৪০ মিনিটে তিনি পরিবারের সদস্যদের নিয়ে তার নিজ ভোটকেন্দ্র কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হন। কেন্দ্র খোলার পরপরই তিনি নিজের ভোটটি প্রদান করেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মুজিবুর রহমান চৌধুরী সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছি। নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে। আমি সাধারণ ভোটারদের প্রতি অনুরোধ জানাব, আপনারা সবাই নির্ভয়ে কেন্দ্রে আসুন এবং নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সফল করুন।

সকাল থেকেই কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শীতের সকাল হওয়া সত্ত্বেও প্রার্থীর আগমনে নেতা-কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা দেখা দেয়। তবে আসনটির অন্যান্য কেন্দ্রগুলোতে ভোটের সার্বিক পরিস্থিতি কেমন হয়, সেদিকেই এখন সবার নজর। 
মৌলভীবাজার-৪ আসনে এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি প্রার্থী, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী, খেলাফত মজলিস ও জাতীয় নাগরিক পার্টির প্রার্থীর মধ্যে।