রাজশাহী-৪

ভোট পুন:গণনার দাবি বিএনপি প্রার্থী জিয়ার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৬ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগে ভোট বাতিল বা পুন:গণনার দাবি করেছেন বিএনপির প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া। 

শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রির্টানিং অফিসারের কাছে তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে ডিএম জিয়াউর রহমান জিয়া দাবি করেছেন, গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসাবে অংশ গ্রহণ করেন। এ নির্বাচনে বিভিন্ন ধরণের অনিয়ম, কারচুপি ও প্রশাসনের কিছু অংশ কর্তৃক ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রশ্নবিদ্ধ নির্বাচনে বিতর্কীত ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিভিন্ন ভোট কেন্দ্রের ফলাফলে ব্যালটের সঙ্গে মুড়ীর অমিল, পোস্টাল ভোট গণনায় অনিয়ম এবং বিভিন্ন কেন্দ্রে পুলিশ ও সেনাবাহিনী কর্তৃক ভোটারদের মধ্যে ভীতি প্রদর্শনসহ লাঠিচার্জ করে তার পক্ষের দুইজন রানী কর্মীসহ বিএনপি ও ছাত্রদলের ছয়জন কর্মীকে আহত করা হয়েছে।

তাছাড়া ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভার ৯টি ভোট কেন্দ্রসহ বাসুপাড়া, দ্বীপপুর, আউচপাড়া, হামিরকুৎসা, শুভডাঙ্গা, সোনাডাঙ্গা, মাড়িয়া, কাচারী কোয়ালীপাড়া ও গণিপুর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রের মধ্যে কোনটিতে ভোট কারচুপি, কোনটিতে পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে বাঁধা দেওয়া এবং কোনটিতে ভোট গ্রহণের আগ মূহুর্তে প্রিয়াইডিং অফিসার পরিবর্তন বা প্রিজাইডিং অফিসারকে কেন্দ্র থেকে বের করে দিয়ে তাদের অসাক্ষরিত ফলাফল মনগড়া ভাবে তৈরি করে তা প্রকাশ করা হয়েছে।

ওই ফলাফলে ধানের শীষ প্রতীকে তাকে ৫৭৬৫ ভোটের ব্যবধানে পরাজিত দেখিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. আব্দুল বারী সরদারকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। কাজেই এসব অনিয়মের কারণে এই আসনে ভোট বাতিল বা পুন:গণনার দাবি জানিয়েছেন তিনি। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবুল ইসলাম গণমাধ্যমকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত