ভোট দিলেন নুরুল ইসলাম নয়ন

ভোলা-৪ আসনের বিএনপি প্রার্থী নুরুল ইসলাম নয়ন লাইনে দাঁড়িয়ে  নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি ভোটকেন্দ্রে এসে শান্তিপূর্ণ পরিবেশে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দেওয়ার পর নুরুল ইসলাম নয়ন বলেন, আগে ভোট দিয়েছি কারও না কারোর জন্য, এবার আমি নিজের জন্য ভোট দিয়েছি। সবাই যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে, তাহলে আমার বিশ্বাস বিশাল ব্যবধানে আমি জয়লাভ করবো।

তিনি আরও বলেন, আমার মনে হচ্ছে ভোটারদের মধ্যে আগ্রহ ও উদ্দীপনা রয়েছে। ভোটাররা লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। গত ১৬ বছর পর এ যেন নতুন দৃশ্য।

নতুন ভোটার ও প্রবাসী ভোটারদের প্রসঙ্গে তিনি বলেন, এটা একটা নতুন চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়া থেকে একজন ভোট দিতে এসেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি তো সেখান থেকে পোস্টাল ভোট দিতে পারতেন। তিনি বলেছেন, সরাসরি ভোট দেওয়ার আলাদা আনন্দ আছে। তাহলে ভাবেন, উৎসাহ কোন পর্যায়ে।

নুরুল ইসলাম নয়ন বলেন, আলহামদুলিল্লাহ, এটাই প্রমাণ করে বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার সুযোগ এসেছে। এই সুযোগ যেন অব্যাহত থাকে, সেটাই সবার প্রত্যাশা।