হার্টে ছিদ্রজনিত জটিল রোগে আক্রান্ত ৭০ বছর বয়সী মনোয়ারা বেগম। তবে ভোট না দিলে খারাপ লাগবে নিজের কাছে তাই অসুস্থ শরীর নিয়েই ভোটকেন্দ্রে হাজির হয়েছেন তিনি। ভাবী আম্বিয়া খাতুনের কাঁধে ভর দিয়ে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বগুড়ার শেরপুরের ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।
অসুস্থ মনোয়ারা বেগম শেরপুরের ধনকুন্ডি উত্তরপাড়া এলাকার ইয়াছিন আলী সরকারের স্ত্রী ও বগুড়া-৫ আসনের ভোটার। কেন্দ্রে আসার সময় তাকে বেশ দুর্বল দেখাচ্ছিল। পাশে ছিলেন তার ভাবী আম্বিয়া খাতুন।
আম্বিয়া বলেন, আমার ননদ হার্টের রোগী। তার হার্টে ছিদ্র হয়েছে। এত অসুস্থ হওয়ার পরও তার ইচ্ছা ছিল ভোট দেবেন। তাই আমি কাঁধে ভর দিয়ে তাকে কেন্দ্রে নিয়ে এসেছি।
এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আনিছুর রহমান জানান, শারীরিকভাবে অসুস্থ হলেও ভোট দেওয়ার ব্যাপারে মনোয়ারা বেগম দৃঢ় ছিলেন। পরিবারের সহায়তায় তিনি কেন্দ্রে এসে ভোট দিয়েছেন।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭২ হাজারের বেশি। এ আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত খান কুদরত-ই-সাকলায়েন, জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত গোলাম মোহাম্মদ সিরাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মীর মো. মাহমুদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মো. দবিবুর রহমান ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত শিপন কুমার রবিদাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপির প্রার্থী জিএম সিরাজ বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে। এ কারণে সবাই ভোট দিতে আসছে। অসুস্থ শরীর নিয়ে ভোটাররা আসছে।