চট্টগ্রামে একটি কেন্দ্রে গণভোট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এসময় এ কেন্দ্র ভোট দিতে সময় লাগছে ২ থেকে ৪ মিনিট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশন ১নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের শৈলবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে ভোটারদের ভোট দেওয়ার সময় বিশ্লেষণ করে উল্লেখিত তথ্য পাওয়া গেছে।
সকাল ১১টায় সরেজমিন দেখা গেছে, সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছে ব্যালট পেপারে স্বাক্ষর দেওয়া থেকে শুরু করে গোপন কক্ষে ভোট দিয়ে তা বক্সে জমা দেওয়া এই প্রক্রিয়া শেষ করতে এক ভোটারের সময় লাগছে গড়ে ২ থেকে চার মিনিট। আর গোপন কক্ষে প্রবেশ থেকে ব্যালট বক্সে ভোট জমা দেওয়া এই প্রক্রিয়ায় একজন ভোটারের গড়ে ৩ মিনিটের কিছু বেশি সময় লাগছে।
তবে এই কেন্দ্রে ভোট দিতে আসা কয়েকজন ভোটারের মধ্যে গণভোট নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। গণভোটের ব্যালটটা কীসের, সেটা দিয়ে কি করবেন, কোথায় ভোট দিতে হবে-এমন প্রশ্নও কিছু ভোটারকে করতে দেখা গেছে।
একই কেন্দ্রের ভোটার মোহাম্মদ রফিক বলেন, দুই জায়গায় সিল মারতে হয়েছে। দুইটা কাগজ ভাজ করলাম, জমা দিলাম। সময় লেগেছে ৩ মিনিট ২৯ সেকেন্ড। আর গোপন কক্ষে যাওয়ার পর ব্যালট বাক্সে ভোট জমা দিতে ভোটারের গড়ে ৩ মিনিট সময় লাগছে বলেও জানান তিনি।
এদিকে জসিম উদ্দিন নামে এক ভোটার ওই ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী আনসার সদস্য ইয়ার মোহাম্মদের বিরুদ্ধে নারী ভোটারদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করেন।
তবে এই বিষয়ে বক্তব্য জানতে চাইলে আনসার সদস্য ইয়ার মোহাম্মদ কোন মন্তব্য করেননি।
