ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বুড়িরচর শহীদ আলী আহম্মদ উচ্চ বিদ্যালয় (ফায়েল খায়ের ভবন-৩য় তলা) কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে সাতটা থেকে এই কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে উপজেলার বেশ কয়েকটি জায়গায় ভোটকেন্দ্রের বাইরে হামলার ঘটনা ঘটেছে। এতে বিটিভির একজন সাংবাদিকসহ প্রায় ৩০ জন এনসিপির নেতাকর্মী আহত হয়েছেন।
আবদুল হান্নান মাসউদ বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সকাল থেকে হাতিয়ার বিভিন্ন জায়গায় ভোটারদের উপর হামলা করা হয়েছে, কেন্দ্র দখল করা হচ্ছে। এমনকি আমার স্ত্রীর উপরও হামলা হয়েছে। তবুও আমরা ভোটারদেরকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য বলছি। যারা সন্ত্রাসী কার্যক্রম করছে, তাদেরকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিহত করতে হবে। আমরা হার মানতে শিখিনি। ইনশাআল্লাহ, এই হারকে বিজয়ে রূপান্তর করতে হবে।’
২৭৩ নোয়াখালী-৬ (হাতিয়া) আসনটি ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৩০৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৬০ হাজার ৮৭৫ জন।
এই আসনে মোট ১০ জন প্রার্থী রয়েছেন। প্রতিদ্বন্দ্বিতায় মাঠে আছেন চার জন। এরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম, ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী আবদুল হান্নান মাসউদ, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থী তানভীর উদ্দিন রাজিব এবং বিএনপির আরেক বিদ্রোহী হরিণ প্রতীকের প্রার্থী ফজলুল আজিম।