ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজবাড়ী জেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। তবে দায়িত্ব পালনের মাঝেই এক প্রার্থীর নির্বাচনী এজেন্টকে ভোট কক্ষেই ঘুমিয়ে থাকতে দেখা গেছে।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নওপাড়া বালক কেন্দ্রে বিকেল ৩টায় একটি ভোট কক্ষে গিয়ে দেখা যায়, এক প্রার্থীর এজেন্ট নিচু বেঞ্চে বসে উঁচুবেঞ্চের ওপর মাথা রেখে ঘুমাচ্ছেন। ভোটগ্রহণ চলাকালীন এমন দৃশ্য উপস্থিত ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে।
কেন্দ্র সূত্রে জানা গেছে, নওপাড়া বালক কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ২৭৩ জন। প্রিজাইডিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, বেলা ৩টা পর্যন্ত এ কেন্দ্রে প্রায় ৬০ শতাংশ
ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
এদিকে রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) সংসদীয় আসনে মোট ১৯৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৬৯৬ জন।
রাজবাড়ী জেলা প্রশাসনের তথ্য মতে, বেলা ২টা পর্যন্ত রাজবাড়ী-১ আসনে ৫৪ শতাংশ এবং রাজবাড়ী-২ আসনে ৫২ শতাংশ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী-১ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ২১৫ জন। এ আসনে ১৫৬টি ভোটকেন্দ্র রয়েছে এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ১১৫টি এবং গোয়ালন্দ উপজেলায় ৪১টি কেন্দ্র।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।